মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৩:৩৫ পিএম
অভিনেত্রী,জয়া আহসান। ছবি: সংগৃহীত।
বাংলা চলচ্চিত্রের পর্দায় সৌন্দর্য, মেধা আর ব্যক্তিত্বের এক অনন্য সমন্বয় জয়া আহসান। সময়ের সঙ্গে নিজেকে বারবার নতুন করে গড়ে তোলার বিরল ক্ষমতা যাদের আছে, তাদের মধ্যেই তিনি অন্যতম। দুই বাংলার দর্শকের কাছে তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং এক পরিপূর্ণ স্টাইল আইকন, এক আত্মবিশ্বাসী নারীর প্রতীক। অভিনয়ের গভীরতা, ফ্যাশনে পরিশীলিত রুচি এবং ব্যক্তিজীবনে প্রকৃতির প্রতি টানÑ সব মিলিয়ে জয়া আহসান আজ এক বহুমাত্রিক অনুপ্রেরণার নাম।
ঢালিউডে ক্যারিয়ার শুরু করলেও দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ওপার বাংলায়ও। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে তার প্রবেশ যেন নতুন এক অধ্যায়ের সূচনা। রাজকাহিনীতে সাহসী চরিত্রে অভিনয় করে তিনি নজর কাড়েন, আর বিসর্জনে তার অভিনয় তাকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। একইভাবে বাংলাদেশে দেবী চলচ্চিত্রে ‘রানু’ চরিত্রে তার উপস্থিতি দর্শক-সমালোচক-দুদিক থেকেই প্রশংসিত হয়। চরিত্র বাছাইয়ে তার সচেতনতা এবং প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা তাকে আলাদা করে তুলে ধরেছে সমসাময়িক অনেক অভিনেত্রীর ভিড় থেকে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনজগতেও জয়া আহসান এক শক্তিশালী উপস্থিতি। তিনি কখনোই ট্রেন্ডের অন্ধ অনুসারী নন; বরং নিজের ব্যক্তিত্ব অনুযায়ী স্টাইল তৈরি করেন। শাড়িতে তার সাবলীলতা যেমন মুগ্ধ করে, তেমনি আধুনিক বা ওয়েস্টার্ন পোশাকেও তার আত্মবিশ্বাসী উপস্থিতি চোখে পড়ে। মিনিমাল মেকআপ, নিখুঁত ফিটিং আর আত্মবিশ্বাসী বডি ল্যাংগুয়েজÑ এই তিন উপাদানের সমন্বয়ে তার প্রতিটি উপস্থিতি হয়ে ওঠে গ্ল্যামারাস অথচ মার্জিত। বয়সকে কেবল একটি সংখ্যা প্রমাণ করে তিনি দেখিয়েছেন, স্টাইল আর আত্মবিশ্বাসই আসল সৌন্দর্যের চাবিকাঠি।
দুই বাংলার দর্শকের কাছে তার জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তার কাজের বৈচিত্র্য। তিনি কখনোই নিজেকে নির্দিষ্ট কোনো ইমেজে আটকে রাখেননি। কখনও শক্তিশালী নারী চরিত্র, কখনও আবেগপ্রবণ আবার কখনও রহস্যময়Ñ প্রতিটি ভূমিকায় তিনি ভিন্ন এক জয়া হয়ে উঠেছেন। এই বহুমাত্রিকতাই তাকে করে তুলেছে দর্শকের কাছে সব সময় প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়।
তবে ক্যামেরার ঝলকানির বাইরেও জয়া আহসানের জীবন সমানভাবে প্রশংসনীয়। শহুরে ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন প্রকৃতির সঙ্গে। নিজের একটি সবজির বাগান গড়ে তুলেছেন, যেখানে সময় পেলেই তিনি কাজ করেন। মাটির কাছাকাছি থাকা, নিজ হাতে গাছ লাগানো এবং সবজি চাষ করাÑ এসব তার কাছে শুধু শখ নয়, বরং এক ধরনের মানসিক প্রশান্তির উৎস। ব্যস্ত শুটিং সিডিউলের ফাঁকেও এই বাগানের যত্ন নেওয়া তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
জয়ার এই প্রকৃতিপ্রেম যেন তার ব্যক্তিত্বের আরেকটি দিক উন্মোচন করে; যেখানে গ্ল্যামার আর সরলতা পাশাপাশি অবস্থান করে। একদিকে তিনি লাল গালিচার ঝলমলে উপস্থিতি, অন্যদিকে মাটির ঘ্রাণে ভরা এক স্বাভাবিক জীবনযাপনÑ এই দুইয়ের মিশেলই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
জয়া আহসান কেবল একজন সফল অভিনেত্রী নন; তিনি এক জীবনধারা, এক অনুপ্রেরণা। ফ্যাশনে আধুনিকতা, অভিনয়ে গভীরতা এবং জীবনে সরলতার যে অনন্য সমন্বয় তিনি তৈরি করেছেন, তা তাকে দুই বাংলার বিনোদন অঙ্গনে এক উজ্জ্বল, স্থায়ী নক্ষত্রে পরিণত করেছে।