× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাকফুলের কাব্য নিয়ে আসছেন পূজা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৩:২১ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ১৩:২২ পিএম

অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত।

বাংলা চলচ্চিত্রের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত মুখ পূজা চেরি। শিশু শিল্পী হিসেবে পথচলা শুরু হলেও খুব অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন জনপ্রিয় নায়িকা হিসেবে। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রে ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

একই বছরে ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা পান এবং নিজের জায়গা পোক্ত করেন। পরবর্তীতে ‘গলুই’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে ধারাবাহিকভাবে নিজের ক্যারিয়ারের গ্রাফ উঁচুতে তুলেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়ার পাশাপাশি অর্জন করেছেন দর্শক জরিপে সেরা অভিনেত্রীর সম্মাননাও।

এই জনপ্রিয় অভিনেত্রী এবার আসছেন নতুন সিনেমা নিয়ে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘নাকফুলের কাব্য’। আলোক হাসান পরিচালিত এই সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে সিনেমাটি, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘নাকফুলের কাব্য’ মূলত একটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত প্রেমের গল্প। সমাজের বাধা, প্রভাবশালীদের রক্তচক্ষু আর নানা প্রতিকূলতা উপেক্ষা করে গড়ে ওঠা এক গভীর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে এতে। গল্প ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। নির্মাতা আলোক হাসানের ভাষ্য অনুযায়ী, এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং সমাজ বাস্তবতার প্রতিফলনও বটে।

জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। ২০২৪ সালেই এটি তৎকালীন সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে নানা কারণে এতদিন মুক্তি পিছিয়ে যায়। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘নাকফুল’, কিন্তু একই নামে আরেকটি চলচ্চিত্র থাকায় সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকফুলের কাব্য’। অবশেষে সব জটিলতা কাটিয়ে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত হয়েছে ছবিটি।

সিনেমার মুক্তি প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, তাদের প্রতিষ্ঠান সব সময়ই দর্শকদের জন্য নান্দনিক ও পারিবারিক বিনোদন নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, ‘নাকফুলের কাব্য’ একটি নিরেট বাংলাদেশি গল্প হিসেবে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং পরিবারসহ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন সবাই।

প্রেম, রোমান্স ও হালকা কমেডির মিশেলে তৈরি এই সিনেমায় রয়েছে তিনটি গান, যা গল্পের আবেগকে আরও গভীর করেছে। পূজা চেরি ও আদর আজাদের রসায়নও ছবির অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও এই জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’।

এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও গাজী রাকায়েতসহ আরও অনেকে, যা ছবির অভিনয়শৈলীকে করেছে আরও সমৃদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা