প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ২০:০১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ২০:০৩ পিএম
চিত্রনায়িকা পূজা চেরি ও তার বাবা বাবা দেবু প্রসাদ রায়। ছবি: ভিড়িও থেকে নেয়া
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।
বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিজানুর রহমান নামের একজন গত ১৮ এপ্রিল দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে রাখার নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে মিজানুর রহমান ও তার এক বন্ধুর কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে নেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা নেন।
অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।