প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৪:১০ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬ ১৪:১১ পিএম
সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় 'ইনশাল্লাহ' দিনেমায় অভিনয় করবেন আলিয়া ভাট ও শাহরুখ খান
বলিউডে ফের জমে উঠছে নতুন এক সম্ভাবনার গুঞ্জন। রোমান্সের জাদুকর শাহরুখ খান এবং চলতি প্রজন্মের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট- এই দুই তারকার জুটি যদি গড়ে ওঠে সঞ্জয় লীলা বানশালির পরিচালনায়, তবে দর্শক উন্মাদনা যে তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য।
শোনা যাচ্ছে, বানশালির বহুল আলোচিত ও দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রজেক্ট 'ইনশাআল্লাহ' নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। প্রথম দিকে এই সিনেমায় সালমান খানকে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা আর এগোয়নি। এখন সেই জায়গায় শাহরুখ খানকে নেওয়ার সম্ভাবনাই জোরালো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
পরিচালক বানশালি ও শাহরুখ খানের জুটি বলিউডে একসময় ইতিহাস গড়েছিল দেবদাস ছবির মাধ্যমে। ২০০২ সালের সেই আইকনিক কাজের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি বড়পর্দায়। তাই নতুন করে তাদের একত্রে ফেরার সম্ভাবনা ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
অন্যদিকে বানশালির পছন্দের অভিনেত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট এর আগে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন ডিয়ার জিন্দেগি ছবিতে। তবে সেখানে তাদের সম্পর্ক ছিল ভিন্ন-মেন্টর ও শিক্ষার্থীর। এবার যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে প্রথমবারের মতো তাদের রোমান্টিক জুটি হিসেবে দেখা যেতে পারে।
সাম্প্রতিক সময়ে শাহরুখ খানকে অ্যাকশনধর্মী ছবিতেই বেশি দেখা গেছেÑ পাঠান ও জাওয়ান-এর মতো ব্লকবাস্টারে কাজ করতে গিয়ে শারীরিকভাবে বেশ চাপের মধ্যেও ছিলেন তিনি। তাই কিছুটা ভিন্ন স্বাদের, আবেগঘন রোমান্টিক গল্পে ফেরার চিন্তাও করছেন এই সুপারস্টারÑ এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের। সবকিছু ঠিক থাকলে চলতি বছর জুনের মধ্যেই এই বহুল প্রতীক্ষিত প্রজেক্ট নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।