প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৪:০৪ পিএম
তানজিয়া জামান মিথিলা
গ্ল্যামার, আত্মবিশ্বাস আর আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের মধ্য দিয়ে আলোচনায় আসা তানজিয়া জামান মিথিলা এবার ঢালিউডের বড়পর্দায় অভিষেক হতে চলেছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুট জয়ের পর থেকেই মডেলিং ও অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করা এই তরুণী এবার নতুন এক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তার সেই যাত্রায় যোগ হয়েছে আরও বড় আকর্ষণ- দেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ।
নির্মাতা আজমান রুশোর নতুন সিনেমা রকস্টারে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে মিথিলাকে। ইতোমধ্যে বিষয়টি ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। সম্প্রতি রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই ‘রকস্টার’ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
মিথিলার জন্য এটি বাংলাদেশের সিনেমায় প্রথম কাজ হলেও তিনি দারুণ আত্মবিশ্বাসী। তার ভাষায়, শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে বড় অর্জন এবং এটি তার ক্যারিয়ারের শক্ত ভিত গড়ে দেবে। ইতোমধ্যেই সিনেমাটিতে তার অংশের শুটিং শুরু হয়েছে ১৮ এপ্রিল থেকে।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বাইরে থাকাকালীনই সিনেমাটির প্রস্তাব পান মিথিলা। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন লালন করা এই তারকা সুযোগটি হাতছাড়া করেননি। তবে শুধু বড় তারকার বিপরীতে কাজ নয়, গল্প ও নিজের চরিত্রের প্রতিই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, শক্তিশালী গল্পই একটি সিনেমাকে সফল করে তোলে।
এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া মিথিলা বলিউডেও কাজ করেছেন। রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া এই অভিনেত্রীর জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার।