প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১২:০৩ পিএম
সাম্প্রতিক সময়ে ছোটপর্দায় পারিবারিক গল্পভিত্তিক নাটকের প্রতি নির্মাতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই ধারার অন্যতম সফল ও আলোচিত কাজ হয়ে উঠেছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত এই নাটকটি শুরু থেকেই দর্শকের আবেগকে ছুঁয়ে গেছে। চ্যানেল আইয়ে প্রতি মঙ্গল ও বুধবার প্রচারের পাশাপাশি এটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেও প্রচারিত হতো, ফলে টেলিভিশন ও অনলাইন দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
গত বছরের নভেম্বরে শুরু হওয়া ধারাবাহিকটি দ্রুতই জনপ্রিয় হয়। ফাহাদ, সামির, মেহরীন ও সায়রাসহ চরিত্রগুলো আলাদা পরিচিতি পায়। পরিবারের সদস্যদের গল্পও দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। ৪৬টি পর্ব প্রচারের পর শুটিং শেষ হয়েছে, তবে সমাপ্তি কোন পর্বে হবে তা জানানো হয়নি। তবে এর আগে পরিচালক মোস্তফা কামাল রাজ জানিয়েছিলেন, ৫২ পর্বেই ইতি টানবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক।
অনলাইনেও নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। পারিবারিক আবেগঘন গল্পের কারণে এটি আলাদা স্থান করে নেয় দর্শকের মনে। সম্প্রতি শেষ দিনের শুটিং শেষে সাংবাদিকদের ধারাবাহিকটির সব সদস্যরা তাদের অনুভূতি জানিয়েছেন।
শেষ দিনের শুটিংয়ে ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামালসহ পুরো টিম উপস্থিত ছিলেন। শুটিং শেষে সবাই অভিজ্ঞতা ভাগ করেন। ইরফান জানান, সাত মাসের যাত্রা স্মরণীয়। খায়রুল বলেন, দর্শকের সংযোগই সাফল্য। কেয়া পায়েল বলেন, চরিত্রের নামে পরিচিতি পাওয়া বড় অর্জন। সুনেরাহ বলেন, প্রথম ধারাবাহিকেই দারুণ সাড়া পেয়েছি।
নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, তিনি শুরু থেকেই নাটকটির সাফল্যে বিশ্বাসী ছিলেন, তবে এমন সাড়া আশা করেননি। তার মতে এটি আগের সব কাজ ছাড়িয়ে গেছে। ‘এটা আমাদেরই গল্প’ দর্শকের মনে গভীর ছাপ রেখে শেষের পথে।