× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব-সাবিলার রকস্টার

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১২:০৯ পিএম

রকস্টার সিনেমার পোস্টারে,শাকিব খান ও সাবিলা নূর। ছবি: অভিনেতার ফেসবুক থেকে।

রকস্টার সিনেমার পোস্টারে,শাকিব খান ও সাবিলা নূর। ছবি: অভিনেতার ফেসবুক থেকে।

ঢালিউড অভিনেতা শাকিব খান, বাংলা চলচ্চিত্রে যিনি দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করে চলেছেন। অ্যাকশন, রোমান্স কিংবা কমার্শিয়াল ড্রামাÑ প্রতিটি ঘরানাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করে তিনি হয়ে উঠেছেন দর্শকপ্রিয়তার প্রতীক। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি শুধু ঢালিউড নয়, সমগ্র বাংলা সিনেমার অন্যতম মুখ হিসেবে নিজেকে জায়গা করে নিয়েছেন

অন্যদিকে ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের অভিনয়গুণে দ্রুত জায়গা করে নেওয়া সাবিলা নূর ইতোমধ্যেই দর্শকদের কাছে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত। গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় এই দুই তারকার প্রথম একসঙ্গে কাজ দর্শকমনে দারুণ সাড়া ফেলে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারাÑ নতুন সিনেমা ‘রকস্টার’-এর মাধ্যমে। আর এই প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক সূচনা হলো ছবিটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘রকস্টার’ সিনেমার বহুল প্রতীক্ষিত পোস্টার। পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার পরপরই যেন সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। ভক্তদের মাঝে শুরু হয় ব্যাপক আলোচনা, প্রত্যাশা আর উচ্ছ্বাস।

পোস্টারে দেখা যায়, শাকিব খান ও সাবিলা নূর একান্ত রোমান্টিক আবহে ধরা দিয়েছেন। দুজনেই চোখ বন্ধ করে যেন এক নিস্তব্ধ, আবেগঘন মুহূর্তকে উপভোগ করছেন। তাদের এই শান্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ দর্শকদের মনে নতুন করে কৌতূহল জাগিয়েছে। অনেকেই মনে করছেন, এই ছবিতে তাদের রসায়ন আগের চেয়েও বেশি পরিণত ও আকর্ষণীয় হয়ে উঠবে।

পোস্টারটি শেয়ার করে শাকিব খান নিজের অনুভূতিও প্রকাশ করে লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময় চলি আমি তাই তো শুধু তোমারই সঙ্গে।’

এই কয়েকটি লাইনের মধ্যেই যেন সিনেমাটির আবেগ, প্রেম আর নাটকীয়তার আভাস পাওয়া যায়। ভক্তরাও সেই আবেগে সাড়া দিতে দেরি করেননি। মন্তব্যের ঘর ভরে গেছে নানা প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘খেলা তো শুরু হয়ে গেল বস, প্রেমিক-প্রেমিকাদের এবার ঠেকায় কে!’ আবার কেউ বলেছেন, ‘শাকিব খানের সিনেমা মানেই পুরো আগুন!’

‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশ, যিনি এই ছবির গল্পও নিজেই লিখেছেন। নির্মাতার দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার ধরন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড, যারা নতুন ও ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে কাজ করার জন্য পরিচিত।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা জুটি দর্শকদের মাঝে নতুন এক প্রত্যাশার জন্ম দিয়েছিল। তাদের অভিনয়ের ভিন্নতা এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা দর্শকদের মুগ্ধ করে। সেই ধারাবাহিকতায় ‘রকস্টার’-এ তাদের আবার একসঙ্গে দেখা যাওয়াটা সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় একটি আকর্ষণ।

একটি পোস্টারই যেন জানিয়ে দিলÑ ‘রকস্টার’ হতে যাচ্ছে ভালোবাসা, আবেগ, সংগীত আর নাটকীয়তায় ভরপুর এক ভিন্নমাত্রার গল্প। এখন শুধু অপেক্ষা, বড়পর্দায় এই জুটির রসায়ন নতুন করে কতটা ঝড় তোলে সেটি দেখার। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা