প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৪ পিএম
রইদের প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’
আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পর এবার দেশীয় দর্শকের সামনে আসতে যাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রইদ। ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী এবং আবেগঘন উপস্থাপনার জন্য ইতোমধ্যেই আলোচনায় থাকা সিনেমাটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানীর নিকেতনে ফেসকার্ড প্রোডাকশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ছবিটির মুক্তির তারিখ জানান নির্মাতা। একই সঙ্গে ঘোষণা করা হয় সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’-এর মুক্তির। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা, প্রযোজনা ও মিক্স-মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন রাশীদ শরীফ শোয়েব আর সার্বিক অডিও প্রোডাকশনে ছিল ‘স্টুডিও কাউবেল’।
পরিচালক সুমন জানান, রইদ মূলত এক সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠা এক গভীর মানবিক আখ্যান। প্রেম, নীরবতা ও আদিম অনুভূতির মধ্য দিয়ে মানুষের অন্তর্লোকের সূক্ষ্ম পরিবর্তন তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে। তার বিশ্বাস, গল্প ও সুর- দুটিই দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
গানটি প্রসঙ্গে রাজীব আহমেদ রাজু বলেন, এটি তার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা, যেখানে আগে এসেছে নাম, পরে তৈরি হয়েছে সুর। প্রায় দুই বছর আগে নির্মাতার ভাবনা থেকে গানটির জন্ম হয়।
অভিনেত্রী নাজিফা তুষি বলেন, দীর্ঘ প্রস্তুতি ও শুটিংয়ের প্রতিটি ধাপ তার কাছে স্মরণীয়। বিশেষ করে সিলেটে একটি লোকেশন নির্মাণ এবং স্থানীয় মানুষের সম্পৃক্ততা পুরো যাত্রাকে করেছে আরও জীবন্ত।
উল্লেখ্য, বিশ্বের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এর ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছিল রইদ। ‘বঙ্গ’ ও ফেসকার্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ঈদে মুক্তির মাধ্যমে দেশের দর্শকের সঙ্গে নতুন করে সংযোগ গড়তে যাচ্ছে।