শহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত
প্রতি সপ্তাহেই দর্শকদের চোখ থাকে ওটিটি প্লাটফর্মগুলোর দিকেÑ নতুন কী আসছে, কোন গল্পটি মন কাড়বে, আর কোন চরিত্র নিয়ে আলোচনা জমবে সোশ্যাল মিডিয়ায়। এই সপ্তাহও তার ব্যতিক্রম নয়। দেশ-বিদেশের নানা ভাষা ও ঘরানার সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে সাজানো হয়েছে এক আকর্ষণীয় তালিকা। রহস্য, অপরাধ, রোম্যান্স থেকে শুরু করে মানসিক টানাপড়েনÑ সবকিছুর মিশেলে এই সপ্তাহের ওটিটি মুক্তিগুলো দর্শকদের জন্য নিয়ে এসেছে বৈচিত্র্যের পূর্ণ প্যাকেজ।
বাংলা কনটেন্টপ্রেমীদের জন্য প্রথমেই রয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’, যা ১০ এপ্রিল মুক্তি পেয়েছে হইচই-এ। ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায় অভিনীত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক মধ্যবিত্ত দম্পতিকে ঘিরে। হঠাৎ এক বন্ধুর রহস্যজনক মৃত্যু এবং তার রেখে যাওয়া টাকার স্যুটকেসÑ এই ঘটনাই তাদের জীবনে নিয়ে আসে অপ্রত্যাশিত অশান্তি। অর্থ যে সবসময় আশীর্বাদ নয়, বরং কখনও কখনও অভিশাপও হতে পারেÑ এই বাস্তবতাই তুলে ধরা হয়েছে গল্পে।
বলিউডপ্রেমীদের জন্য রয়েছে ‘ও রোমিও’, যা ১০ এপ্রিল স্ট্রিমিং হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও-এ। শহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটি ৯০-এর দশকের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত। এক নারী তার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে ভাড়াটে খুনির সাহায্য নেয়, কিন্তু ঘটনাপ্রবাহে তৈরি হয় জটিল আবেগ ও সম্পর্কের সমীকরণ। অপরাধ জগতের অন্ধকার আর প্রেমের অপ্রত্যাশিত মোড়Ñ দুটোই একসঙ্গে জায়গা করে নিয়েছে এখানে।
আন্তর্জাতিক সিরিজপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ ‘ইউফোরিয়া’-এর তৃতীয় সিজন, যা ১২ এপ্রিল আসছে ‘এইচবিও ম্যাক্স’-এ। জেন্ডায়ার নেতৃত্বে এই সিরিজটি তরুণদের জীবন, আসক্তি, সম্পর্ক ও পরিচয়ের সংকটকে গভীরভাবে তুলে ধরে। নতুন সিজনে হাই স্কুল-পরবর্তী জীবনের বাস্তবতা, সংগ্রাম এবং কঠিন সিদ্ধান্তগুলো আরও তীব্রভাবে সামনে আসে, যা দর্শকদের ভাবাবে।
হালকা মেজাজের কিন্তু উত্তেজনাপূর্ণ গল্পের খোঁজে থাকলে দেখা যেতে পারে বিগ মিসটেক্স, যা ৯ এপ্রিল মুক্তি পেয়েছে ‘নেটফ্লিক্স’-এ। ড্যানিয়েল লেভিসহ অন্যদের অভিনয়ে এই সিরিজে দেখা যায় দুই ভাইবোনের কৌতুকময় বিপত্তি, যারা ভুল করতে করতে একসময় জড়িয়ে পড়ে অপরাধ জগতের জটিলতায়। তবে তাদের সেই ভুলই কখনও কখনও হয়ে ওঠে অপ্রত্যাশিত সমাধান।
অন্যদিকে, ১০ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘আউটকাম’ ‘অ্যাপল টিভি’-এ। কিয়ানু রিভস অভিনীত এই ছবিতে এক সফল কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হলিউড তারকার জীবনে রহস্যময় ব্ল্যাকমেলের ঘটনা সামনে আসে। অতীতের অন্ধকার সত্যের মুখোমুখি হওয়া এবং নিজের ভেতরের লড়াইÑ এই সিনেমার মূল আকর্ষণ।
সব মিলিয়ে, এই সপ্তাহের ওটিটিতে মুক্তিগুলোতে রয়েছে নানা স্বাদের গল্প ও অভিজ্ঞতা। আপনি যদি রহস্য ভালোবাসেন, কিংবা বাস্তব জীবনের আবেগঘন গল্পে ডুব দিতে চানÑ এই তালিকা থেকে বেছে নেওয়ার মতো অনেক কিছুই রয়েছে।