মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৫:০৯ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১৫:১০ পিএম
অভিনেত্রী নাজিফা আনজুম তুষি, ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।
বাংলাদেশের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম নাজিফা আনজুম তুষি। অভিনয়, মডেলিং ও উপস্থাপনা তিন ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র উপস্থিতি তৈরি করেছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই চেনা পথের বাইরে হাঁটার সাহস দেখিয়েছেন তুষি, আর সেই কারণেই ধীরে হলেও শক্তভাবে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।
২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪-এ প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পথচলা শুরু তার। এরপর ছোটপর্দা ও বিজ্ঞাপনে কাজ করলেও বড়পর্দায় অভিষেক হয় ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে না পারলেও হতাশ হননি তিনি। বরং সময় নিয়েছেন, নিজেকে প্রস্তুত করেছেন আরও পরিণতভাবে ফিরে আসার জন্য।
দীর্ঘ ছয় বছরের বিরতি শেষে ২০২২ সালে হাওয়া সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই চলচ্চিত্রটি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়ায়। আর এই সিনেমাতেই তুষির অভিনয় তাকে নতুন করে পরিচিতি এনে দেয়Ñ একজন সম্ভাবনাময় ও দক্ষ অভিনেত্রী হিসেবে।
এরপর কিছুটা বিরতি থাকলেও সম্প্রতি আবারও সরব হয়েছেন তিনি। রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রেক্ষাগৃহে দর্শকদের নজর কাড়েন তুষি। ছবিটি মুক্তির পর তার অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের ইতিবাচক আলোচনা তৈরি হয়, যা তার ক্যারিয়ারে নতুন গতি যোগ করেছে।
বর্তমানে তার সবচেয়ে আলোচিত কাজ আসন্ন চলচ্চিত্র ‘রইদ’। আবারও মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন তুষি। ‘হাওয়া’-এর পর পরিচালক-অভিনেত্রী জুটির দ্বিতীয় কাজ হওয়ায় এটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। ইতোমধ্যে সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছেÑ বিশ্বখ্যাত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে, যা দেশের চলচ্চিত্রের জন্য একটি বড় অর্জন।
ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই ‘রইদ’ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
শুরুতে ধীরগতি হলেও এখন একের পর এক ব্যতিক্রমী কাজ দিয়ে নিজের অবস্থান শক্ত করছেন নাজিফা আনজুম তুষি। সামনে কোরবানি ঈদে ‘রইদ’ মুক্তির মাধ্যমে আবারও বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। দর্শকদের প্রত্যাশাÑ এই চলচ্চিত্রের মাধ্যমে তুষি আরও এক ধাপ এগিয়ে যাবেন এবং নিজেকে প্রমাণ করবেন সমসাময়িক বাংলা চলচ্চিত্রের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে।