মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৩:০৮ পিএম
অভিনেত্রী পূজা চেরি।ছবি: সংগৃহীত।
ঈদের উৎসব মানেই নতুন সিনেমা, নতুন চমক আর প্রিয় তারকাদের ভিন্ন রূপে দেখা। সেই ধারাবাহিকতায় আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা পূজা চেরি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার সাফল্যের পর এবার কোরবানির ঈদে অ্যাকশন অবতারে বড়পর্দায় ফিরছেন তিনি। নতুন সিনেমা ‘মাসুদ রানা’-তে একেবারে ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যেই নায়িকা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন পূজা চেরি। ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। বিশেষ করে রোমান্টিক ও ইমোশনাল চরিত্রে তার সাবলীল অভিনয় তরুণ দর্শকদের মধ্যে তাকে বেশ জনপ্রিয় করে তোলে। এরপর একে একে ‘শান’, ‘গলুই’সহ বিভিন্ন ঘরানার সিনেমায় কাজ করে নিজের অভিনয়ের পরিধি বাড়ান পূজা।
অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘দম’
বর্তমানে ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ে অবস্থান করছেন এই অভিনেত্রী। বাণিজ্যিক ও গল্পনির্ভর দুই ধারার সিনেমাতেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় ‘রানি’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা। সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি দেশ-বিদেশে প্রদর্শনের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে।
এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই সামনে আসছে তার নতুন সিনেমা ‘মাসুদ রানা’। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখতে যাচ্ছে। ২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে ঘিরে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। যদিও ২০২৩ সালে ‘এমআরনাইন : ডু অর ডাই’ মুক্তি পায়, সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ নানা কারণে আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে এটি কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত।
এই সিনেমায় পূজা চেরিকে দেখা যাবে একেবারে নতুনভাবে-পুরোদস্তুর অ্যাকশন গার্ল হিসেবে। ‘সোহানা’ চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন। চরিত্রটি নিয়ে পূজা আগেই জানিয়েছিলেন, এটি তার জন্য স্বপ্নপূরণের মতো একটি কাজ। প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত ফাইট প্র্যাকটিস করেছেন, শরীরচর্চা করেছেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে চরিত্রটি আয়ত্তে আনার চেষ্টা করেছেন। তার ভাষায়, দর্শক এবার একেবারে ভিন্ন এক পূজাকে দেখতে পাবেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মাসুদ রানা’ সিনেমার অধিকাংশ শুটিং প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। পরবর্তীতে কিছু কাজ বাকি থাকায় সিনেমাটি দীর্ঘদিন থেমে ছিল। সম্প্রতি আবার নতুন করে বাকি থাকা গান ও দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা সিনেমাটির মুক্তির পথ সুগম করেছে। খুব শিগগিরই এর ট্রেলার প্রকাশেরও কথা রয়েছে।
আগামী দিনে পূজা চেরি আরও ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে চান বলে জানা গেছে। নিজেকে শুধু রোমান্টিক বা গ্ল্যামারাস চরিত্রে সীমাবদ্ধ না রেখে অ্যাকশন, থ্রিলার ও গল্পনির্ভর সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে চান তিনি।
‘দম’-এর সাফল্যের পর ‘মাসুদ রানা’-তে অ্যাকশন অবতারে পূজা চেরির এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে তার ক্যারিয়ারের নতুন মোড়। কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেলে আবারও দর্শকদের নজরের কেন্দ্রে থাকবেন এই জনপ্রিয় অভিনেত্রীÑ এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের।