প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১২:৫১ পিএম
ঈদুল আজহায় নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে ফিরছেন প্রার্থনা ফারদিন দীঘি
গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেই ধারাবাহিকতা ধরে রেখে আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে।
পরিচালক মেহেদী হাসানের এই ছবিটি শুটিং শুরুর পর থেকেই ছিল আলোচনায়। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং শেষ করার পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। একই সময়ে নির্মাতা তার আরেকটি ছবি ‘রাক্ষস’-এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যা এবারের ঈদে মুক্তি পেয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। খুব শিগগির ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে। জানা গেছে, ‘বিদায়’-এ প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। ‘বিদায়’-এর পাশাপাশি দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।