প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১২:২৯ পিএম
পুরনো দিনের বাংলা সিনেমার সেই মায়াবী আবহ আবারও ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। রাজধানীর আগারগাঁওয়ে তাদের নিজস্ব ভবনে শুরু হয়েছে মাসব্যাপী একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
এই আয়োজনের অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩০০ আসনবিশিষ্ট আধুনিক প্রদর্শনী হলে দেখানো হবে সংরক্ষিত পুরনো, নতুন এবং বিরল সব বাংলা সিনেমাÑ একেবারে বিনামূল্যে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি যেন এক অনন্য সুযোগ, যেখানে বড়পর্দায় ফিরে দেখা যাবে হারিয়ে যাওয়া সময়ের গল্প, অভিনয় আর আবেগ।
আগামী ৯ এপ্রিল প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদাকালো ছবিটি দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে সোনালি অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেনÑ ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ। ১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরণ পরিচালিত ‘একটি রঙিন চলচ্চিত্র’। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটিতে আরও দেখা যাবে আনোয়ারা ও রিনা খানকে।
এরপর ২৩ এপ্রিল দর্শক দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেলরানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে।
সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জ্বল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।
এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু বিনোদন নয়; বরং বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে সেই স্বর্ণালি যুগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। সীমিত আসনের কারণে আগ্রহীদের সময়মতো উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এই অভিজ্ঞতা সত্যিই মিস করার মতো নয়।