প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৪:৪১ পিএম
বাংলা নাট্যচর্চায় বটতলার ‘খনা’ এক অনন্য মঞ্চকৃতি, যা ইতিহাসের গভীর থেকে উঠে এসে সমকালীন সমাজের প্রশ্নগুলোকেও স্পষ্টভাবে সামনে আনে। প্রায় পনেরশ বছর আগের আখ্যান হলেও এই নাটক আজও প্রাসঙ্গিকÑ বিশেষ করে নারী, শ্রেণি ও ক্ষমতার সম্পর্ক নিয়ে এর তীক্ষ্ণ উপস্থাপনার কারণে।
খনা এখানে শুধু একটি চরিত্র নন, তিনি প্রজন্মান্তরে বহমান কৃষিজ্ঞান, লোকঐতিহ্য ও প্রজ্ঞার প্রতীক। নাটকটি গ্রামীণ জীবনের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে দর্শকদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করায়, যেখানে নারীসমতা, সামাজিক বৈষম্য ও ক্ষমতার কাঠামো নতুনভাবে ভাবতে বাধ্য করে।
২০১০ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে ‘খনা’-এর যাত্রা শুরু হয়। দীর্ঘ ষোলো বছরে দেশ-বিদেশে প্রশংসিত এই নাটক এখন বটতলার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ‘খনার ১০০তম মঞ্চায়ন উৎসব’, আগামী ১০ ও ১১ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে।
দুদিনের এই উৎসবে থাকবে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন। প্রথম দিন সকালে শুরু হবে ‘উদয়ভানু সঙ্গ’ দিয়ে, এরপর সংগীত পরিবেশনা ও শিশুদের জন্য বিশেষ কর্মসূচিÑ নৃত্য, আবৃত্তি, আর্ট ক্যাম্প ও পাপেট থিয়েটার। বিকালে থাকবে লাঠিখেলা ও ধুয়া গান, আর দিনজুড়ে চলবে ‘দেশীয় পণ্যের মেলা’, যেখানে পাওয়া যাবে কৃষিপণ্য, কারুশিল্প ও দেশীয় খাবার।
সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকবে ‘খনার আলাপ’ এবং একটি তথ্যচিত্র প্রদর্শনী। দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ খনার শততম মঞ্চায়ন।
এই উৎসব কেবল একটি নাটকের উদযাপন নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও সমকালীন ভাবনার এক সম্মিলিত প্রকাশ।