প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২৩:৩২ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ০০:৪২ এএম
জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। ফাইল ছবি
জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। মাত্র ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুবাবা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
শোবিজের চাকচিক্যময় দুনিয়াকে আগেই বিদায় জানিয়েছিলেন লুবাবা। নিজের আমূল পরিবর্তনের পর এবার তিনি সংসার জীবনে পা রাখলেন। অভিনয় জগৎ ছাড়লেও সামাজিক মাধ্যমে নিয়মিত সরব ছিলেন তিনি।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, "আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন"।
লুবাবার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পোস্ট করার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এতে ৯২ হাজারেরও বেশি ‘রিয়েক্ট’ জমা পড়েছে। এছাড়া প্রায় ৪ হাজার মন্তব্য এবং ৩ হাজারের বেশি শেয়ারের মাধ্যমে নেটিজেনরা তাদের শুভকামনা জানিয়েছেন।
জীবনের এত বড় এ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন লুবাবা।
গত বেশ কিছু সময় ধরে লুবাবার জীবনযাত্রায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সম্প্রতি এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি নিজের আধ্যাত্মিক রূপান্তর এবং ধর্মীয় পথে চলার দৃঢ় সংকল্পের কথা ভক্তদের জানিয়েছিলেন।