প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৬:৩৭ পিএম
বিশ্বজুড়ে জাদুর এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। লেখক জে কে রাউলিংয়ের প্রিয় সিরিজ ‘হ্যারি পটার’ এবার টিভি পর্দায় নতুন রূপে ফুটে উঠছে, যেখানে প্রতিটি বইকে আলাদা একটি মৌসুমে রূপ দেওয়া হয়েছে। ২০২৬ সালের বড়দিনে এইচবিওর নির্মিত সিরিজটি দর্শকের সামনে হাজির হবে এবং আগের সিনেমার তুলনায় গল্প ও চরিত্রের গভীরতা আরও বিস্তৃতভাবে দেখানো হবে বলে আশা করা হচ্ছে।
নতুন সিরিজে ডমিনিক ম্যাকলাফলিন হ্যারি পটারের চরিত্রে অভিনয় করছেন। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে খালা-চাচার সঙ্গে বড় হওয়া এবং পরে হগওয়ার্টসে ভর্তি হওয়া কিশোর জাদুকরের জীবনই গল্পের কেন্দ্রবিন্দু। তার দুই ঘনিষ্ঠ বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে দেখা যাবে অ্যালাস্টেয়ার স্টাউট ও আরাবেলা স্ট্যান্টনকে; যারা নতুন মুখ হিসেবে সিরিজটিতে ভিন্ন মাত্রা যোগ করছেন। জানা গেছে, হ্যারি পটার চরিত্রের জন্য ৩২ হাজারের বেশি শিশুর অডিশন নেওয়া হয়েছিল।
হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে রয়েছেন জন লিথগো, সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিয়েদু এবং মিনার্ভা ম্যাকগোনাগাল চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার। ড্রাকো ম্যালফয় চরিত্রে আছেন লক্স প্র্যাট, এবং তার বাবা লুসিয়াস ম্যালফয় চরিত্রে জনি ফ্লিন।
সিরিজটির শো-রানার ফ্রান্সেসকা গার্ডিনার, আর পরিচালনা ও প্রযোজনায় যুক্ত আছেন মার্ক মাইলডসহ একাধিক নির্মাতা। আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে হগওয়ার্টসকে আরও জীবন্ত করে তোলা হবে। নতুন সিরিজটি তরুণ প্রজন্ম এবং পুরনো ভক্তদের একসঙ্গে জাদুর জগতে ফেরার অভিজ্ঞতা এনে দেবে।