প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৬:৪৫ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১৬:৪৮ পিএম
টালিউড অভিনেতা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
একটা গান কখনো শুধু সুর আর কথার মধ্যে আটকে থাকে না-তা হয়ে ওঠে সময়ের সাক্ষী, এক প্রজন্মের ভালোবাসা, কষ্ট আর স্মৃতির ভাষা। বাংলা সিনেমার ইতিহাসে এমনই এক আবেগঘন সৃষ্টি ‘পিয়া রে’। সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু, কিন্তু গানটি আজও হৃদয়ের গভীরে একইরকম অনুরণন তোলে। আর আজ, এই গানটি নতুন করে আলোচনায়-কারণ এর সঙ্গে জড়িয়ে থাকা দুই শিল্পীই আর আমাদের মধ্যে নেই।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার ছবির এই গানটি তুমুল জনপ্রিয়তা পায়। সহজ-সরল প্রেমের গল্পে ভর করে নির্মিত ছবিটিতে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযত অভিনয়, স্বাভাবিক উপস্থিতি এবং চোখের ভাষা চরিত্রটিকে দর্শকের কাছে একেবারে বাস্তব করে তোলে। অন্যদিকে গানটিতে প্রাণ সঞ্চার করেছিলেন জুবিন গর্গ-তাঁর কণ্ঠের গভীরতা ‘পিয়া রে’-কে এনে দেয় এক অনন্য আবেগ।
তবে সাম্প্রতিক সময়ে এই দুই শিল্পীর প্রয়াণ যেন আবার ফিরিয়ে এনেছে সেই সময়ের স্মৃতি। ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একটি ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা এখনো তদন্তাধীন। হঠাৎ এই মৃত্যু টলিউডে গভীর শোকের ছায়া ফেলেছে।
এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক ইয়ট পার্টিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান জুবিন গর্গ। প্রথমদিকে তাঁর মৃত্যু নিয়ে নানা জল্পনা থাকলেও পরবর্তীতে তদন্তে এটিকে দুর্ঘটনা বলেই নিশ্চিত করা হয়। লাইফ জ্যাকেট না পরা এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পানিতে নামার বিষয়টি এই মর্মান্তিক পরিণতির পেছনে কারণ হিসেবে উঠে আসে।

সময়ের সঙ্গে বাংলা সিনেমা বদলেছে, এসেছে নতুন ধারা ও ওটিটি প্ল্যাটফর্ম। তবু ‘পিয়া রে’ আজও অমলিন। এই গানই আজও অনেকের কাছে রাহুলকে জীবন্ত করে রাখে, আর জুবিনের কণ্ঠে ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া এক আবেগময় সময়।
দুই শিল্পীর এই পরপর প্রয়াণ তাই শুধু শোকই নয়, স্মৃতির দরজাও খুলে দিয়েছে নতুন করে। ‘পিয়া রে’ এখন আর শুধু একটি গান নয়-এটি হয়ে উঠেছে হারিয়ে যাওয়া দুই শিল্পীর প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি।