প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১২:৫০ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১৪:২৫ পিএম
তুর্কি সিরিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তার রেকর্ড গড়ছে। ইতিহাসভিত্তিক নাটক ছাড়াও অ্যাকশন, রোমান্স ও পারিবারিক ড্রামা দর্শকের মন জয় করছে বৈশ্বিক পরিসরে। ‘দিরিলিস : আরতুগ্রুল’, ‘কুরুলুস : উসমান’, ‘দ্য অটোমান’ থেকে ‘ফাতমাগুল’, ‘ফরবিডেন লাভ’-এই সিরিজগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এবার তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলো ‘কান চিচেকলেরি’ বা ‘ভেন্ডেটা’।
রেইনস পিকচারস ও ইউনিক ফিল্মসের প্রযোজনা করা এই সিরিজটি ২০২২ সালে প্রথমবার তুরস্কের কানাল সেভেন টিভি চ্যানেলে প্রচারিত হয়। পরের বছর দ্বিতীয় সিজন এবং ২০২৪ সালে তৃতীয় সিজন সম্প্রচারিত হয়। ইস্তাম্বুলভিত্তিক গ্লোবাল এজেন্সির মাধ্যমে সিরিজটির স্বত্ব বিক্রি হয়েছে জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান, পাকিস্তানসহ ৭০টিরও বেশি দেশে। প্রতিটি দেশে দর্শকের কাছে সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছে।
গ্লোবাল এজেন্সির প্রধান ইজ্জেত পিন্টো বলেন, ‘শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে ভেন্ডেটার ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। যে দেশেই প্রচার হয়েছে, সর্বাধিক জনপ্রিয় সিরিজের শীর্ষে উঠেছে। অভিনেতা-অভিনেত্রীরাও বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছেন।’
সিরিজের কেন্দ্রবিন্দুতে আছে প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প। দুই পরিবারের রক্তক্ষয়ী বৈরিতা দূর করতে বারান ও দিলানের বিয়ে করা হয়, যদিও নিজেদের আপত্তি থাকে। বারান ও দিলান চরিত্রে অভিনয় করেছেন বারিশ বাকতাশ ও ইয়াগমুর ইউকসেল। বিশেষভাবে সমাদৃত হয়েছে সিরিজের নারী চরিত্রগুলো, যাদের বাস্তব দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে। নতুন মুখের এই অভিনেত্রীদের অভিনয় এখন তাদের আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিতি দিয়েছে।