ঈদ সিনেমা
মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১২:৪৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ২১:৪২ পিএম
ঈদ-পরবর্তী সপ্তম দিনে ঢাকার মাল্টিপ্লেক্স বক্স অফিসে সিনেমাগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। কেউ শো কমেও দর্শক টানতে পারছে, আবার আয়ের দিক থেকে চমক দেখাচ্ছে। ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’Ñ সব সিনেমাই সপ্তম দিনে ভিন্ন গতিতে এগোচ্ছে, শো বরাদ্দ এবং দর্শকের আগ্রহই এখন বক্স অফিস সাফল্যের মূল নির্ধারক।
এই দৌড়ে শুরুতে এগিয়ে থাকলেও সপ্তম দিনে কিছুটা ধাক্কা খেয়েছে ‘দম’। শো কমে যাওয়ায় সিনেমাটির কালেকশনে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বাংলা মুভি রিভিউ (বিএমআর) এর তথ্য অনুয়ায়ী, স্টার সিনেপ্লেক্সে ২০টি এবং লায়ন সিনেমাসে ৫টিÑ মোট ২৫টি শো পেয়েছিল সিনেমাটি। এর মধ্যে ১৫টি শো ছিল হাউসফুল এবং আরও ২টি শো প্রায় পূর্ণ ছিল। সাত দিনে ‘দম’-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ২.২০ কোটি টাকা। এর মাধ্যমে চলতি বছরে প্রথম সিনেমা হিসেবে ই-টিকেটিং অন্তর্ভুক্ত মাল্টিপ্লেক্সগুলোতে ২ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে এটি।
অন্যদিকে তুলনামূলক কম শো নিয়েও চমক দেখিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সপ্তম দিনে স্টার সিনেপ্লেক্সে ২১টি এবং লায়ন সিনেমাসে ৪টিÑ মোট ২৫টি শো পেয়েও সিনেমাটি দর্শক টানতে সক্ষম হয়েছে দারুণভাবে। এর মধ্যে ২১টি শো-ই ছিল হাউসফুল, আর আরও একটি শো প্রায় পূর্ণ ছিল। সাত দিনে ‘বনলতা এক্সপ্রেস’-এর মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৯ কোটি টাকা, যা এর ধারাবাহিক জনপ্রিয়তার প্রমাণ দেয়।
এদিকে শো সংখ্যা বাড়ার সরাসরি সুফল পেয়েছে ‘প্রিন্স’। সপ্তম দিনে সিনেমাটি সবচেয়ে বেশি, মোট ৫২টি শোতে প্রদর্শিত হয়েছে। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ছাড়াও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মন ইন, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, শ্যামলী, সিনেস্কোপ এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মিলিয়ে এই বিস্তৃত প্রদর্শনী নিশ্চিত করা হয়। এর মধ্যে ১৫টি শো ছিল হাউসফুল এবং আরও একটি শো প্রায় পূর্ণ ছিল। সাত দিনে ‘প্রিন্স’-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.২৯ কোটি টাকা।
একই দিনে ‘রাক্ষস’ সিনেমার ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে। স্টার সিনেপ্লেক্সে ১৩টি এবং লায়ন সিনেমাসে ৫টিÑ মোট ১৮টি শোতে চলেছে সিনেমাটি। এর মধ্যে ১০টি শো হাউসফুল এবং আরও ২টি প্রায় পূর্ণ ছিল। সাত দিনে ‘রাক্ষস’-এর মোট গ্রস ১.২৪ কোটি টাকা।
অন্যদিকে শো কমে যাওয়ার বড় প্রভাব পড়েছে ‘প্রেশার কুকার’ সিনেমার ওপর। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি সপ্তম দিনে মাত্র ১০টি শো পেয়েছেÑ স্টার সিনেপ্লেক্সে ৯টি এবং লায়ন সিনেমাসে ১টি। এর মধ্যে ৬টি শো হাউসফুল ছিল, যা দর্শকের আগ্রহের ইঙ্গিত দিলেও সীমিত শোয়ের কারণে আয় বেড়ে ওঠেনি। সাত দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৭২.৬৯ লাখ টাকা।
সব মিলিয়ে সপ্তম দিনের চিত্র বলছে, দর্শক চাহিদা ও শো বরাদ্দÑ এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হচ্ছে সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য। কেউ শো কমে পিছিয়ে পড়ছে, আবার কেউ সীমিত শো নিয়েই দর্শক টানছে।