মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১২:৩৮ পিএম
ওটিটি প্লাটফর্মে প্রতি সপ্তাহেই নতুন গল্পের ঢেউ এসে আছড়ে পড়ে দর্শকের পর্দায়, আর সেই ধারাবাহিকতায় এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার বহুল প্রতীক্ষিত কনটেন্ট। ফলে দর্শকদের জন্য তৈরি হয়েছে এক বৈচিত্র্যময় বিনোদন অভিজ্ঞতা।
বাংলা সিরিজ ‘চক্র ২’ মুক্তি পেয়েছে ২৬ মার্চ আইস্ক্রিনে। তৌসিফ মাহবুব, আজমেরি হক বাঁধন ও গাজী রাকায়েত অভিনীত এই সিরিজের প্রথম সিজন ময়মনসিংহের এক পরিবারের নয়জন সদস্যের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মনে গভীর কৌতূহল তৈরি করেছিল। তবে সেই আত্মহত্যার পেছনের কারণ অজানাই থেকে গিয়েছিল। দ্বিতীয় সিজনে সেই অমীমাংসিত রহস্য উন্মোচিত হবে, যেখানে ধীরে ধীরে প্রকাশ পাবে তাদের ভয়ংকর সিদ্ধান্তের পেছনের বাস্তবতা।
২৭ মার্চ জিও হটস্টারে মুক্তি পেয়েছে তামিল সিরিজ ‘মুথু এনগিরা কুট্টান’। বিজয় সেতুপতি, মিলিন্দ সোমান ও সুদেব নায়ার অভিনীত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রটি এক রহস্যময় ব্যক্তি, যাকে কেউ অপরাধী হিসেবে চেনে, আবার কারও কাছে সে ত্রাণকর্তা। হঠাৎ একদিন তার ছিন্ন মাথা উদ্ধার হলে পুরো শহরে শুরু হয় তোলপাড়। পুলিশ যখন তার দেহের বাকি অংশ খুঁজতে নামে, তখন একে একে সামনে আসে নানা চমকপ্রদ তথ্য। উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের বিভিন্ন ভাষার পাশাপাশি সিরিজটি বাংলা ভাষাতেও মুক্তি পাচ্ছে।
একই দিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘মরদানি ৩’। রানি মুখার্জি, জানকি ও যিশু সেনগুপ্ত অভিনীত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি ভয়ংকর শিশু অপহরণ চক্রকে ঘিরে। ‘আম্মা’ নামে এক নারীর নেতৃত্বে পরিচালিত এই চক্র অপহৃত শিশুদের ব্যবহার করে অবৈধ ও নিষ্ঠুর কাজে। এই চক্রকে ধরতে মাঠে নামেন এসিপি শিবানী শিবাজী রায়, যিনি নিখোঁজ শিশুদের উদ্ধারের পাশাপাশি সমাজের অন্ধকার দিকগুলোও সামনে নিয়ে আসেন।
নেটফ্লিক্সেই ২৭ মার্চ আরও একটি তথ্যচিত্র ‘বিটিএস : দ্য রিটার্ন’ মুক্তি পায়েছে। বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস সামরিক প্রশিক্ষণের কারণে দীর্ঘদিন সংগীত জগৎ থেকে দূরে ছিল। অবশেষে তারা ফিরেছে নতুন অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে, যা প্রকাশ পেয়েছে ২০ মার্চ। লস অ্যাঞ্জেলেসে অ্যালবামটির রেকর্ডিংয়ের সময়কার অভিজ্ঞতা, সদস্যদের পরিশ্রম ও আবেগঘন মুহূর্তগুলো এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, যা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
এ ছাড়া প্রাইম ভিডিওতে ২৭ মার্চ মুক্তি পায়েছে ইংরেজি সিরিজ ‘হাউস অব ডেভিড সিজন ২’। মাইকেল ইস্কান্দার, আলি সুলাইমান, ইন্ডি লুইস, স্টিফেন ল্যাং ও ইথান কাই অভিনীত এই সিরিজটি বাইবেলের বিখ্যাত চরিত্র ডেভিডের জীবনকে কেন্দ্র করে নির্মিত। একজন সাধারণ রাখাল থেকে শক্তিশালী রাজা হয়ে ওঠার পথে তাকে মোকাবিলা করতে হয় যুদ্ধ, ষড়যন্ত্র ও সম্পর্কের জটিলতা। দ্বিতীয় সিজনে তার পারিবারিক দ্বন্দ্ব এবং উত্তরাধিকার নিয়ে টানাপড়েন আরও তীব্র হয়ে ওঠে।
সব মিলিয়ে, এ সপ্তাহের ওটিটি রিলিজ তালিকায় রয়েছে রহস্য, থ্রিল, বাস্তবতা, সংগীত ও ইতিহাসের মিশেল। ভিন্ন স্বাদের এসব কনটেন্ট দর্শকদের জন্য এনে দেবে নতুন অভিজ্ঞতা, যেখানে প্রত্যেকে খুঁজে নিতে পারবেন নিজের পছন্দের গল্প।