× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দম এগিয়ে, রাক্ষসের চমক

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১২:০৬ পিএম

দম এগিয়ে, রাক্ষসের চমক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা। দেশের আলোচিত শিল্পীদের সিনেমা যেমন আছে, তেমনি গত কয়েক বছরে পরীক্ষিত নির্মাতারাও ফিরছেন নতুন সিনেমা নিয়ে। কোন সিনেমা কেমন করছেÑ তা নিয়ে থাকছে আজকের আয়োজন।

আফরান নিশোর ‘দম’ ফুরোবার নয়

বাংলা মুভি রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ী, মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনেও অপ্রতিরোধ্য আফরান নিশো অভিনীত ‘দম’। ২০২৬-এর প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকা গ্রোস কালেকশন দিয়েছে এটি। ঈদের তৃতীয় দিনে (২৩ মার্চ) স্টার সিনেপ্লেক্স (৩২টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩৫টি। এর মধ্যে ২৭টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ৩টি শো। তিন দিন শেষে ‘দম’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ১ কোটি টাকা। রেদওয়ান রনির সিনেমা ‘দম’ ছবিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।

গত সোমবার সন্ধ্যায় এক বিশেষ আয়োজন ‘তারার ঈদ’-এ হাজির হয়েছিল ‘দম’ টিম। ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত সে অনুষ্ঠানে রনি, নিশো ছাড়াও ছিলেন ‘দম’-এর অভিনেত্রী পূজা চেরী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। ‘এত কাজ করেছি, এমন অভিজ্ঞতা হয়নি। এ রকম ঠান্ডাও দেখা হয়নি। হয়তো তাপমাত্রা মাইনাস ৮, কিন্তু অনুভূত হতো মাইনাস ১৫। দেখে মনে হয়, সানি ওয়েদার, ঠান্ডা; মনে হয় একটা মানুষ খালি গায়ে ছবি তুলতে পারবে। কিন্তু আবহাওয়া ভাষায় প্রকাশ করতে পারব না,’ বলেন নিশো। অনুষ্ঠানে কথা বলেন ছবিতে রানী চরিত্রে অভিনয় করা পূজা চেরী। তিনি বলেন, ‘যারা যারা এখন দেখেছেন সবাই বলছেন, এটা আমার সেরা কাজ। দম আমার জন্য শুধু একটা সিনেমা না; আবেগ, একটা নতুন অধ্যায়।’

ছুটে চলছে ‘বনলতা এক্সপ্রেস’ 

বাংলা মুভি রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ী, তৃতীয় দিনেও তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। এদিকে শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চেই এই সিনেমা ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে। ঈদের তৃতীয় দিনে (২৩ মার্চ) স্টার সিনেপ্লেক্স (২৯টি) এবং লায়ন সিনেমাস (২টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩১টি। এর মধ্যে ২৯টি শো-ই হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ২টি শো। তিন দিন শেষে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৭৭.৩৩ লাখ টাকা। ছবিতে আছেন সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা প্রমুখ।

সিয়ামের ‘রাক্ষস’-এর চমক 

তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সে দারুণ আয় বজায় রেখেছে ‘রাক্ষস’ সিনেমার কালেকশন। স্টার সিনেপ্লেক্স (১৯টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ২২টি। এর মধ্যে ১৮টি শো-ই হাউজফুল ছিল। তিন দিন শেষে ‘রাক্ষস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫৬.১৪ লাখ টাকা। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। সিনেমার আইটেম গানে অভিনয় করছেন হিন্দি সিনেমার অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের অভাবনীয় সাড়া এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। দীর্ঘ প্রস্তুতির পর বড়পর্দায় সিয়ামের এই নতুন অবতার দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।

শাকিব খানের ‘প্রিন্স’ পিছিয়ে 

বাংলা মুভি রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার কালেকশন কমেছে। ঈদের তৃতীয় দিনে (২৩ মার্চ) লায়ন সিনেমাস (৭টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (৪টি), মন ইন (৪টি), মনিহার সিনেপ্লেক্স (৪টি), মধুবন সিনেপ্লেক্স (৪টি), শ্যামলী (৪টি), সিনেস্কোপ (৪টি), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৫টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩৬টি। এর মধ্যে ১৬টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল গেছে আরও ১টি শো। তিন দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫১.৫৪ লাখ টাকা। এদিকে নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ চালাতে পারেনি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে বেশ কয়েকটি হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। পরিচালক সাংবাদিকদের বলেন, সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে জাজ মাল্টিমিডিয়া। কেন এই জটিলতা? জানতে চাইলে আবু হায়াত মাহমুদ গত রবিবার সাংবাদিকদের বলেন, ‘জাজের এই সার্ভার নতুন এসেছে। হল মালিকরা এটার সঙ্গে পরিচিত নন। আগে যে সার্ভার ছিল, ওটাতে খুব দ্রুত সিনেমা পাস করা যেত। এই সার্ভারে প্রতিটি সিনেমায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায়। ফলে আমরা ঈদের আগের দিন ওনাদের সিনেমা সরবরাহ করেছি। নতুন সার্ভারে সবার কাছে পৌঁছাতে গিয়ে সময়টা লেগে গেছে বেশি। যেহেতু ওনারাও (হল মালিক) অভিজ্ঞ নন, জানেন না। আবার ওরাও (জাজ মাল্টিমিডিয়া) হয়তো বোঝাতে পারেনি।’ ‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ম্যাজিক

ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক। ঈদের তৃতীয় দিনে (২৩ মার্চ) স্টার সিনেপ্লেক্স (১৫টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ১৮টি। এর মধ্যে ৮টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। তিন দিন শেষে ‘প্রেশার কুকার’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২৯.৩২ লাখ টাকা। দর্শককে হলমুখী করছে ছবিটি। পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছে এর গান ‘বড়াই করে’। নারীকেন্দ্রিক এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। বিভিন্ন চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা