মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৩:৩৯ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬ ১৩:৪০ পিএম
ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটি অংশজুড়ে থাকে বিনোদন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে ওটিটি প্লাটফর্ম, যেখানে ঘরে বসেই উপভোগ করা যায় বৈচিত্র্যময় কনটেন্ট।
এবারের ঈদেও বিভিন্ন প্লাটফর্ম নিয়ে এসেছে দারুণ সব ওয়েব সিরিজ, সিনেমা ও ওয়েব ফিল্ম- যেখানে রয়েছে থ্রিলার, রোমান্স, ড্রামা ও রহস্যের মিশেল। সব মিলিয়ে বলা যায়, ওটিটি দুনিয়ায় এবার ঈদ হতে যাচ্ছে একেবারেই জমজমাট। ঈদের কনটেন্ট তালিকার শুরুতেই রয়েছে ‘ক্যাকটাস’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। সাইবার জগতের গল্পভিত্তিক এই সিরিজটি ১৮ মার্চ মুক্তি পাচ্ছে চরকিতে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

এরপরই রয়েছে ‘জ্যাজ সিটি’, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ ও সৌরসেনী মিত্র। সৌমিক সেন পরিচালিত এই সিরিজটি ১৯ মার্চ মুক্তি পাচ্ছে সনি লাইভে। রোমান্টিক সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত ‘একসাথে আলাদা’ মুক্তি পাচ্ছে হইচইতে ১৯ মার্চ। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও পারশা ইভানা। পরিচালক রেজাউর রহমান এই ফিল্মে সম্পর্কের বাস্তবতা তুলে ধরেছেন।
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর বিশেষ চ্যাপ্টার নিয়ে আসছে বঙ্গ। কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত পর্যায়ক্রমে কনটেন্টটি দেখা যাবে। একই প্লাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমা ‘আলী’, যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও মেলিতা মেহজাবীন অর্পা। পাশাপাশি ঈদের তৃতীয় দিনে আসছে লাভ সিটার, পরিচালনায় অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ।
ঈদের চতুর্থ দিন থেকে শুরু করে ষষ্ঠ দিন পর্যন্ত বঙ্গ-এ ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে কয়েকটি ওয়েব ড্রামাÑ জ্যাকপট, দূরত্ব এবং লিলি। নতুন মুখ ও ভিন্নধর্মী গল্পে এই প্রজেক্টগুলো দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। অন্যদিকে ‘চক্র’-এর দ্বিতীয় সিজন নিয়ে আসছে আইস্ক্রিন। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন ও মেঘলা মুক্তা।
সবশেষে, ‘তুমি আমি শুধু’ নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছে বিঞ্জ। শিহাব শাহীন পরিচালিত এই ফিল্মে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জেফার রহমান। সব মিলিয়ে এবারের ঈদে ওটিটি প্লাটফর্মগুলোতে কনটেন্টের বৈচিত্র্য চোখে পড়ার মতো। জনপ্রিয় তারকা, নতুন মুখ, ভিন্নধর্মী গল্প এবং মানসম্মত নির্মাণ- সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক সমৃদ্ধ ও উপভোগ্য ডিজিটাল বিনোদনের উৎসব।