প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১১:৪৬ এএম
সাবিলা নূর
বাংলাদেশের ছোটপর্দা থেকে বড়পর্দা দুই মাধ্যমেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অভিনয়ের স্বাভাবিকতা ও ভিন্নধর্মী চরিত্র নির্বাচনের কারণে তিনি ইতোমধ্যেই দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন।
নাটক ও ওটিটির পাশাপাশি এবার ঈদে বড়পর্দায়ও হাজির হচ্ছেন তিনি। ফলে এবারের ঈদকে ঘিরে তার ব্যস্ততা ও আগ্রহ দুটোই যেন অন্যবারের তুলনায় একটু বেশি। এবারের ঈদে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই এটি দর্শকমহলে বেশ আলোচনায় রয়েছে। বর্তমানে ছবিটির প্রচার ও প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
সিনেমার পাশাপাশি ঈদের নাটকেও দেখা যাবে সাবিলাকে। তবে এবার সেই সংখ্যা আগের তুলনায় কম। সিনেমার কাজ এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে তুলনামূলক কম নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সব সময়ই ভালো গল্প ও মানসম্মত কাজ বেছে নেওয়ার চেষ্টা করছেন।
অভিনয়ের বাইরেও এবারের ঈদে ভিন্ন এক আয়োজনে দেখা যাবে তাকে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈত্যাদি’-এর বিশেষ ঈদ পর্বে একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন সাবিলা। সমাজের নানা অসংগতি, মিথ্যা ও দুর্নীতির বিষয় তুলে ধরা এই পরিবেশনাটি বর্ণাঢ্য কোরিওগ্রাফি, নাচ ও সামাজিক বার্তার সমন্বয়ে সাজানো হয়েছে।
সব মিলিয়ে সিনেমা, নাটক ও বিশেষ টেলিভিশন আয়োজনে অংশগ্রহণÑ এই তিন মাধ্যমেই উপস্থিত থাকায় বিনোদনপ্রেমীদের মতে, সাবিলা নূরের ক্যারিয়ারে এবারের ঈদটি বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠতে যাচ্ছে। উল্লেখ্য, বড়পর্দায় তার অভিষেক হয়েছিল তাণ্ডব সিনেমার মাধ্যমে, যেখানে তিনি অভিনয় করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে।