প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১২:০৯ পিএম
অভিনেতা, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।
বাংলাদেশের অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছোটপর্দায় বহু জনপ্রিয় নাটকে একসঙ্গে অভিনয় করে তারা দর্শকের মন জয় করেছেন বারবার। তবে বড়পর্দায় এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা গেছে খুবই কম। দীর্ঘ প্রায় ১২ বছর পর আবারও সিনেমার পর্দায় একসঙ্গে ফিরছেন এই দুই অভিনেতা। পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এ দেখা যাবে তাদের। তাদের এই প্রত্যাবর্তনের খবর ইতোমধ্যেই দর্শকের মাঝে তৈরি করেছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ।
সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন চঞ্চল চৌধুরী। তিনি জানান, দীর্ঘ সময় পর আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে পেরে তার মধ্যে বিশেষ উচ্ছ্বাস কাজ করছে। সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘টেলিভিশন’ চলচ্চিত্রে, যার নির্মাতা ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর দীর্ঘ সময় ধরে বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।
চলচ্চিত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলোÑ এর গল্প। সিনেমাটি নির্মিত হয়েছে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে। চঞ্চল চৌধুরীর মতে, হুমায়ূন আহমেদের লেখার মধ্যে একধরনের জাদু রয়েছে, যা পাঠককে প্রতিটি লাইনের পর আরও পড়তে উৎসাহিত করে। তিনি বলেন, হুমায়ূন আহমেদের গল্পে এমন এক আকর্ষণ রয়েছে, যা পাঠক বা দর্শককে চুম্বকের মতো টেনে রাখে। সেই গল্পকে ভিত্তি করে যখন তানিম নূর সিনেমা নির্মাণ করছেন, তখন দর্শকের জন্য নিশ্চয়ই বিশেষ কিছু অপেক্ষা করছে বলে তিনি আশা প্রকাশ করেন।
সব মিলিয়ে শক্তিশালী গল্প ও তারকাবহুল অভিনয়শিল্পীদের সমন্বয়ে বনলতা এক্সপ্রেস দর্শকের জন্য হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একটি চলচ্চিত্র। আর বড়পর্দায় আবারও চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে একসঙ্গে দেখার অপেক্ষায় এখন দর্শকও দিন গুনছেন।