মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১২:৫২ পিএম
অভিনেত্রী, কেয়া পায়েল।
এক মাস আগে বাংলা বিনোদন অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল সামাজিক মাধ্যমে এক ভিন্ন রূপে হাজির হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। বাস্তুহারা এক পাগলির বেশে তার একটি ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়।
গত ১৯ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ভিডিওটি পোস্ট করেন কেয়া পায়েল।
ভিডিওর পর একই চরিত্রে আরও একটি ছবি পোস্ট করেছেন কেয়া পায়েল। ছবিতে তাকে দেখা গেছে সেই পাগলির রূপেই ময়লা পোশাক আর বাস্তবধর্মী মেকআপে। তবে ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনটি ছিল বেশ মজার, যা নেটিজেনদের দৃষ্টি কাড়ে। তিনি লিখেছেন, ‘ভাই এই ছবিটা রিচ করলে ফেসবুক থেইকা ৪০৫ ডলার দিবো কইছে।’ মজার এই ক্যাপশন এবং তার অভিনব লুক দুটোই দ্রুত ভাইরাল হয়ে যায়।
এদিকে জানা গেছে, কেয়া পায়েলের এই পাগলি লুক মূলত একটি নতুন নাটকের চরিত্রের অংশ। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি আসন্ন নাটকটির পোস্টারও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পৃথিবী নামক মায়ার দোকানে আবদ্ধ হয়ে আছি আমরাÑ এই গোটা জাতি।’
নাটকটির নাম ‘বাতাসের ফুল’, যা আসন্ন ঈদুল ফিতরে প্রকাশিত হবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল জি-সিরিসে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কেয়া পায়েলের এই ব্যতিক্রমী লুক এবং গল্পের ভিন্নধর্মী আভাস নাটকটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ঈদকে সামনে রেখে ‘বাতাসের ফুল’ নাটকটি দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলেই মনে করছেন অনেকে। কেয়া পায়েলের এই সাহসী ও বাস্তবধর্মী চরিত্র উপস্থাপন নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলবেÑ এমনটাই প্রত্যাশা ভক্তদের।