× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় ঈদ উৎসব

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৬:১৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৬:১৮ পিএম

দম, রাক্ষস, প্রেশার কুকার, বনলতা এক্সপ্রেস সিনেমার পোস্টার।

দম, রাক্ষস, প্রেশার কুকার, বনলতা এক্সপ্রেস সিনেমার পোস্টার।

সারা বছর হাতে গোনা কয়েকটি সিনেমাহল নিয়ে কোনোভাবে টিকে থাকে ঢালিউড। ফলে বছরের বেশিরভাগ সময়েই সিনেমা মুক্তি ও ব্যবসার গতি থাকে অনেকটাই ধীর। তবে ঈদ এলেই বদলে যায় সেই চিত্র। উৎসবকে কেন্দ্র করে একসঙ্গে মুক্তির ঘোষণা আসে একাধিক সিনেমার। এক সময়ের জৌলুসভরা ঢালিউডে এখন বড় বাজেটের ছবিগুলোও অনেকটা মৌসুমভিত্তিক হয়ে উঠেছেÑ বিশেষ করে ঈদ উৎসব ঘিরেই বেশি দেখা যায় বড় আয়োজনের সিনেমা।

এবারের ঈদের আর মাত্র কিছুদিন বাকি। ইতোমধ্যে প্রায় দেড় ডজন ছবির মুক্তির গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় হাফডজন সিনেমা থাকার সম্ভাবনাই বেশি। সিনেমাপাড়ার খবর অনুযায়ী আপাতত সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছেÑ প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা, দম, রাক্ষস, প্রেশার কুকার, বনলতা এক্সপ্রেস এবং পিনিক।

সাম্প্রতিক বছরগুলোতে ঈদের ছবিগুলোর নির্মাণেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রায় প্রতিটি বড় বাজেটের ছবিতেই যুক্ত হচ্ছে ভারতীয় কারিগরি দল। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, ফাইট ডিরেক্টর, মেকআপ আর্টিস্টসহ দক্ষ একটি বড় টিম দুই দেশের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে কাজ করছে। ফলে নির্মাণে এসেছে আধুনিকতা এবং প্রযুক্তিগত মানও বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দর্শক আগ্রহে। দিন দিন বাংলা সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহল ও প্রত্যাশাও বাড়ছে।

এবারের ঈদকে ঘিরেও সিনেমাপাড়ায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। গত কয়েক বছরের তুলনায় এবারের আয়োজন আরও বড় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছবিগুলোর গল্প, নির্মাণশৈলী এবং বাজেটে বাড়তি আয়োজনের আভাস পাওয়া যাচ্ছে। 

ঈদের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম হলো প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা। গত ১২ মার্চ টিজার প্রকাশের পর দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি মূলত এক গ্যাংস্টারের গল্প। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

অন্যদিকে পরিচালক রায়হান রাফি এবার হাজির হচ্ছেন ভিন্নধর্মী গল্প নিয়ে। তার নির্মিত ‘প্রেশার কুকার’ ছবিটি চারটি আলাদা গল্পে চার নারীর জীবনের বাস্তবতা তুলে ধরবে। এটি ঢাকা শহরের নারীদের জীবনের দমবন্ধ পরিস্থিতি ও সামাজিক চাপ নিয়ে নির্মিত, যেখানে নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন। 

এরপর আলোচনায় রয়েছে ‘রাক্ষস’। ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেনÑ সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যয়।

এদিকে অভিনেতা আফরান নিশো অভিনীত ‘দম’ ছবিটিও শুরু থেকেই আলোচনায় রয়েছে। সম্প্রতি প্রকাশিত টিজারেই আন্তর্জাতিক মানের নির্মাণের আভাস পেয়েছেন দর্শকরা। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ফলে সিনেপ্লেক্সে শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নির্মাতা তানিম নূর গত ঈদে তার ‘উৎসব’ ছবির মাধ্যমে চমক দেখিয়েছিলেন। এবার তিনি নির্মাণ করেছেন ‘বনলতা এক্সপ্রেস’, যা প্রখ্যাত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৈরি। তারকাবহুল এই ছবিটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পোস্টার ও টিজার প্রকাশের পর অনেকেই মনে করছেন, এটি হয়তো নির্মাতার আগের ছবিকেও ছাড়িয়ে যেতে পারে।

সব মিলিয়ে এবারের ঈদের সিনেমা উৎসব বেশ জমজমাট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে শেষ পর্যন্ত কোন ছবি হিট বা সুপারহিট হবেÑ তা নির্ভর করবে দর্শকের গ্রহণযোগ্যতার ওপরই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা