প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১ পিএম
মঙ্গলবার শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে মাইনুল আহসান নোবেলে জামিন মঞ্জুর করেন। ছবি: ফেসবুক থেকে
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।
শুনানি শেষে আপোসের শর্তে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আদালত তার জামিন মঞ্জুর করেন।
এদিন গ্রেপ্তার আসামি নোবেলকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিন আবেদন করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। মামলার অন্য আসামিরা এ প্রতারণায় তাকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে দাখিল করা প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন।
নোবেল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন—তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।
গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।