× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, পরিচালক শিহাব শাহীন, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও সংগীতশিল্পী বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, পরিচালক শিহাব শাহীন, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও সংগীতশিল্পী বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বিরাজ করেছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাররা কেন্দ্রমুখী হয়েছিলেন, গড়ে উঠেছিল দীর্ঘ লাইন। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের পাশাপাশি অভিনয়শিল্পী, গায়ক-গায়িকা ও নির্মাতারাও অংশ নিয়েছেন ভোট উৎসবে। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করে তারা নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সবাইকে।

ঢাকার গুলশানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভোট দিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ভবিষ্যতের রাস্তা’। অভিনেত্রী আইশা খান ভোট দিয়ে বলেন, ‘একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার দায়িত্ব সম্পন্ন করেছি।’

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা মোহাম্মদপুরে ভোট দিয়ে সবার প্রতি আহ্বান জানান পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। অভিনেতা মনোজ প্রামাণিক নওগাঁয় ভোট দিয়ে আঞ্চলিক ভাষায় লেখেন, ‘আমারে যেড্যাত ভোট দিলে কাজ হোবে সেড্যাত ভোট দিমু।’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

পরিচালক শিহাব শাহীন ভোট দিয়ে বলেন, ‘ভোট দেওয়া অবশেষে শেষ।’ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানান, মাত্র পাঁচ মিনিটেই ভোট দিয়েছেন তিনি, কেন্দ্রের পারিবারিক পরিবেশ দেখে ভালো লেগেছে।

ঢাকা-১৭ আসনে ভোট দেন চিত্রনায়ক ওমর সানী। ভোট শেষে সাংবাদিকদের কাছে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা জানান। একই আসনে ভোট দেন গায়িকা বেবী নাজনীন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘খুব আনন্দ হচ্ছে। অবশেষে ভোট দিতে পারলাম।’ দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজে মনোনয়ন না পাওয়া নিয়েও মন্তব্য করেন তিনি।

গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন ঢালিউডের তিন কন্যা- সুচন্দা, ববিতা ও চম্পা। একই দিনে ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ভোট দেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ দেশের সব জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। এবারের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর।’

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন চিত্রনায়ক অনন্ত জলিল। সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। ভোট শেষে তিনি বলেন, দেশ ও আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই তার প্রত্যাশা।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  

নির্মাতা আশফাক নিপুণ সকাল সাড়ে ৭টায় ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘ভোট দেওয়া সম্পন্ন… উৎসাহী ভোটার এবং আন্তরিক কর্মকর্তাদের অংশ হতে পেরে ভালো লাগছে। সবাই ভোট দিন। দীর্ঘজীবী হোক বাংলাদেশ।’অভিনেত্রী কেয়া পায়েল ছবি পোস্ট করে লিখেছেন, ভোটটা দিয়েই দিলাম।ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রভা। তিনি জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। তিনি বলেন, ‌‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।’

নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ দিনে তারকারা ভোট দিয়ে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি উৎসবের আমেজে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা