প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ এএম
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে বড় সাফল্য পেল বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। উৎসবের মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে সেরা নির্বাচিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্রের জন্য যা এক অনন্য অর্জন।
পুরস্কার গ্রহণের পর রটারড্যামের মঞ্চে আবেগঘন বক্তব্যে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, প্রায় তিন বছর আগে সিনেমাটির কাজ শুরু হয়, এমন এক সময়ে যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিরতা বিরাজ করছিল। সেই সময়কার দুশ্চিন্তা ও বাস্তব অভিজ্ঞতাই তাকে এই গল্প বলতে অনুপ্রাণিত করে।
এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী এলাকার মানুষদের। সুমিত আরও বলেন, ‘মাস্টার’ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। পাশাপাশি শুটিংয়ের সময় মধুপুর ও ধনবাড়ীর মানুষের অকুণ্ঠ সহায়তা ছাড়া সিনেমাটি সম্পন্ন করা সম্ভব হতো না। তাই এই পুরস্কার তাদেরই প্রাপ্য।
পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। ক্যাপশনে বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। পরিচালক ও পুরো টিমকে অভিনন্দন। বাংলাদেশের জন্য আজ সত্যিই দারুণ একটি দিন!’
রাজনৈতিক থ্রিলার ঘরানার ‘মাস্টার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে জহির আহমেদ নামের এক শিক্ষককে ঘিরে। সমাজসেবায় জনপ্রিয় এই শিক্ষক উপজেলা নির্বাচনের সময় প্রার্থীর অভাবে এলাকাবাসীর অনুরোধে নির্বাচনে দাঁড়ান। বিপুল ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার জীবনে আসে নাটকীয় পরিবর্তনÑ যা সিনেমার মূল টান টান উত্তেজনার সূত্রপাত করে।
রটারড্যাম উৎসবেই ‘মাস্টার’ সিনেমার বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ বছর রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর পাশাপাশি বাংলাদেশের আরও দুটি সিনেমা প্রদর্শিত হয়েছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ অংশ নেয় টাইগার কম্পিটিশন (মূল প্রতিযোগিতা) বিভাগে, আর মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ প্রদর্শিত হয় ব্রাইট ফিউচার বিভাগে।