প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১ পিএম
প্রতি সপ্তাহেই দর্শকের বিনোদনের বড় ঠিকানা হয়ে উঠছে ওটিটি প্লাটফর্ম। নতুন সিনেমা কিংবা ওয়েব সিরিজÑ কী আসছে, কোনটা দেখবেন, এই কৌতূহলটা এখন প্রায় সবারই। এ সপ্তাহেও ব্যতিক্রম নয়। নানা দেশের, নানা ভাষার গল্প হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মগুলোতে। গল্পের ভিন্নতা, চরিত্রের টানাপড়েন আর চেনা তারকাদের উপস্থিতিÑ সব মিলিয়ে দর্শকের জন্য অপেক্ষা করছে দেখার মতো বেশ কিছু কনটেন্ট।
দ্য রাজাসাব (তেলেগু সিনেমা)
অ্যাডভেঞ্চার আর ফ্যান্টাসির মিশেলে তেলেগু সিনেমা দ্য রাজাসাব ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জিওহটস্টারে। প্রভাস, নিধি আগারওয়াল ও সঞ্জয় দত্ত অভিনীত এ সিনেমার গল্প শুরু হয় অসুস্থ দাদির একটি অনুরোধ থেকে। দাদাকে খুঁজতে বের হওয়া রাজু একসময় পৌঁছে যায় হায়দরাবাদে। সেখানে সে আটকে পড়ে রহস্যময় কনকরাজুর প্রাসাদে। কনকরাজু একজন দুষ্ট জাদুকর, যে অমরত্ব আর অফুরন্ত সম্পদের লোভে অন্ধ। রাজুর সামনে একটাই পথÑ নিজের বুদ্ধি আর সাহস দিয়ে কনকরাজুর কূটচালকে হারিয়ে সেখান থেকে বেরিয়ে আসা। রোমাঞ্চপ্রিয় দর্শকের জন্য এটি হতে পারে জমজমাট এক অভিজ্ঞতা।
রিলেশনশিপ গোলস (ইংরেজি সিনেমা)
সম্পর্কের টানাপড়েন, ভালোবাসার সংজ্ঞা আর আধুনিক জীবনের আবেগী দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে ইংরেজি সিনেমা রিলেশনশিপ গোলস। সম্পর্ককে কীভাবে আমরা দেখি, কী চাই আর কী পাইÑ এই প্রশ্নগুলোর ভেতর দিয়েই এগোয় গল্প। হালকা আবেগ, রোমান্স আর বাস্তবতার মিশেলে সিনেমাটি তরুণ দর্শকের কাছে আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।
দ্য লিংকন লইয়ার সিজন ৪ (ইংরেজি সিরিজ)
আইন আর রহস্যের জনপ্রিয় সিরিজ দ্য লিংকন লইয়ার ফিরছে চতুর্থ সিজন নিয়ে। ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিজনে প্রখ্যাত আইনজীবী মিকি হ্যালার এবার নিজেই বিপদের কেন্দ্রে। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয় সে, যখন তার বিরুদ্ধেই খুনের অভিযোগ ওঠে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মিকি সিদ্ধান্ত নেয়, নিজের মামলাটায় সে নিজেই লড়বে। আসল খুনি কেÑ এই প্রশ্নের উত্তর খুঁজতে একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে। আগের সিজনের মতো এবারও টানটান উত্তেজনার প্রতিশ্রুতি দিচ্ছে সিরিজটি।
কুইন অব চেস (তথ্যচিত্র)
খেলার দুনিয়ায় অনুপ্রেরণার গল্প নিয়ে আসছে তথ্যচিত্র কুইন অব চেস। ৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ডকুমেন্টারিতে উঠে এসেছে হাঙ্গেরিয়ান দাবাড়ু জুডিট পোলগারের জীবন ও সংগ্রামের গল্প। ইতিহাসের শীর্ষ ১০ দাবাড়ুর মধ্যে একমাত্র নারী তিনি। পুরুষপ্রধান দাবার জগতে নিজের জায়গা তৈরি করা, নিয়ম ভাঙা আর অসাধারণ সাফল্যের পেছনের গল্পই এই তথ্যচিত্রের মূল বিষয়। দাবা কিংবা অনুপ্রেরণামূলক গল্প ভালোবাসেন যারা, তাদের জন্য এটি হতে পারে অবশ্যই দেখার মতো কনটেন্ট।
এ সপ্তাহে ওটিটির পর্দায় তাই গল্পের অভাব নেইÑ কখনও প্রেম, কখনও রহস্য, কখনও আবার বাস্তব জীবনের অনুপ্রেরণা। কোনটা আগে দেখবেন, সেই সিদ্ধান্তটাই এখন সবচেয়ে কঠিন।