বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৩:১৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৩:৪০ পিএম
বলিউড তারকা অনিল কাপুরকে বলা হয় চির তরুণ। জন্মদিনে সবার বয়স বাড়ে। কিন্তু এ তারকার ক্ষেত্রে যেন ঘটে উল্টোটা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে করে তুলছেন আরও সতেজ। আজ (২৪ ডিসেম্বর) এ তারকা অভিনেতর জন্মদিন। ৬৬ বছরে পদার্পণ করলেন তিনি। কিন্তু দেখলে সেটা বোঝার উপায় নেই।
বাবা অনিলের জন্মদিনে তাই বেশ আবেগতাড়িত বড় মেয়ে সোনম কাপুর আহুজা। সদ্য মা হয়েছেন। অনিলের জন্মদিনে তাই নাতি-দাদুর না-দেখা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোনম। সঙ্গে অবশ্য তাদের বেশ কিছু ছোটবেলার ছবিও ভাগ করে নিয়েছেন।
বাবাকে শুভেচ্ছা জানাতে সোনম লিখলেন, ‘পৃথিবীর সেরা বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমায় খুব ভালোবাসি। তোমার থেকে ভালো বাবা আর কেউ হতে পারে না। তোমায় বাবা হিসেবে পেয়ে আমরা ধন্য। তোমার মেয়ে হয়ে জন্মে আমি গর্বিত।’
তিন ছেলে মেয়ে আর জামাইকে নিয়ে সুখের সংসার অনিলের। সঙ্গে চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজও। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘ফাইটার’ নামক আরও একটি ছবির ঘোষণা ইতোমধ্যে হয়ে গেছে। এ ছাড়া ঝুলিতে রয়েছে আরও বেশকিছু ছবি।