মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৩:০২ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ১৩:০৪ পিএম
বাংলাদেশি সিনেমার নতুন বছরে আরেকটি বড় চমকের নাম ‘জলযুদ্ধ’। ‘সাপলুডু’খ্যাত নির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই আপকামিং সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শক ও ইন্ডাস্ট্রির ভেতরে আগ্রহ তৈরি হয়েছে। কারণ একসঙ্গে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের দুই শক্তিশালী অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তমা মির্জা। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে, আর খুব শিগগিরই শুরু হবে শুটিং।
গোলাম সোহরাব দোদুল মানেই গল্প বলার ভিন্নতা, নির্মাণে পরীক্ষাধর্মিতা এবং সমাজের গভীরে ঢুকে যাওয়া কিছু চরিত্র। ‘সাপলুডু’ দিয়ে তিনি দর্শককে দেখিয়েছিলেন, কীভাবে সমসাময়িক বাস্তবতা ও মানবিক দ্বন্দ্বকে সিনেমার ভাষায় শক্তভাবে তুলে ধরা যায়। সেই ধারাবাহিকতায় ‘জলযুদ্ধ’ নামটিও ইঙ্গিত দিচ্ছে এক ধরনের সংঘাতের; যা হয়তো কেবল অস্ত্রের নয়, বরং মানুষের ভেতরের লড়াই, ক্ষমতা ও টিকে থাকার গল্প।
এই সিনেমায় মোশাররফ করিমের যুক্ত হওয়া নিঃসন্দেহে বড় খবর। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। চরিত্রে ঢুকে যাওয়ার অসাধারণ ক্ষমতা আর সংলাপের গভীরতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন মোশাররফ করিম। ‘জলযুদ্ধ’-এ তিনি কোন ধরনের চরিত্রে হাজির হবেন, সে বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনও বিস্তারিত কিছু জানায়নি। তবে তার উপস্থিতি যে গল্পটিকে আরও শক্তিশালী করবে, তা বলাই যায়।
অন্যদিকে তমা মির্জা বর্তমানে বড়পর্দার একজন নির্ভরযোগ্য মুখ। বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর দুই ধরনের সিনেমায়ই তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। জানা গেছে, তিনি বর্তমানে পরিচালক হাসান মোরশেদের পরিচালনায় একটি আনটাইটেল্ড সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজ শেষ করেই তিনি যুক্ত হবেন ‘জলযুদ্ধ’-এর শুটিংয়ে। অর্থাৎ সময়টা তমা মির্জার জন্য বেশ ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ।
প্রি-প্রোডাকশন পর্যায়ে সিনেমাটির চিত্রনাট্য, লোকেশন ও চরিত্র নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ‘জলযুদ্ধ’ নামটি যেমন কৌতূহল তৈরি করছে, তেমনি ধারণা করা হচ্ছেÑ এই সিনেমার গল্পে থাকবে পরিবেশ, জীবন সংগ্রাম কিংবা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বাস্তবতার প্রতিফলন। দোদুলের সিনেমায় সাধারণত গল্পই থাকে প্রধান অস্ত্র, যেখানে তারকার চেয়ে চরিত্র বেশি কথা বলে।
মোশাররফ করিম ও তমা মির্জার মতো দুই অভিনয়শিল্পীর একসঙ্গে পর্দায় দেখা, তার সঙ্গে গোলাম সোহরাব দোদুলের নির্মাণÑ এই সমন্বয় জলযুদ্ধকে বছরের আলোচিত সিনেমাগুলোর তালিকায় আগেই জায়গা করে দিচ্ছে। মুক্তির তারিখ কিংবা অন্যান্য শিল্পীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, প্রি-প্রোডাকশন থেকেই ছবিটি যে প্রত্যাশার পারদ চড়াচ্ছে, তা বলাই যায়।
বাংলাদেশি সিনেমায় গল্পনির্ভর, সাহসী নির্মাণের যে ধারা আবারও ফিরে আসছে, জলযুদ্ধ যেন সেই ধারার আরেকটি শক্ত সংযোজন হতে যাচ্ছেÑ এমন আশাই এখন দর্শকদের।