প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৭:০৮ পিএম
বলিউড তারোকা ইমরান খান
দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে বলিউডে ফিরলেন ইমরান খান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাট্টি বাট্টি’ সিনেমার পর অভিনয় থেকে দূরে সরে যাওয়া এই অভিনেতা এবার ‘হ্যাপি প্যাটেল : খতরনাক জাসুস’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রত্যাবর্তন করলেন। যদিও সিনেমায় তার উপস্থিতি ছিল ক্যামিও চরিত্রে, তবুও ইমরানের ফেরার খবর ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
তবে ইমরানের হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন ঘিরে ফিরে এসেছে পুরনো প্রশ্নÑ কেন বলিউড ছেড়েছিলেন তিনি? কারণ যখন ইমরান সরে যান, তখন তার ক্যারিয়ার যথেষ্ট স্থিতিশীল অবস্থায় ছিল।
এক সাক্ষাৎকারে ইমরান জানান, ইন্ডাস্ট্রির অর্থকেন্দ্রিক মনোভাব ও পরিবেশ তাকে ধীরে ধীরে অস্বস্তিতে ফেলে। অভিনেতাদের সাফল্য তখন সৃজনশীলতার চেয়ে পারিশ্রমিক, বক্স অফিস আয়, ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তার মাধ্যমে মাপা হতো। শুরুতে এসব বিষয় তার মনোযোগ আকৃষ্ট করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনিও এ ধরনের পরিমাপেই সিনেমার স্ক্রিপ্ট ও চরিত্রের মূল্যায়ন করতে শুরু করেন, যা তাকে নিজের কাজের প্রতি সন্দিহান করে তোলে।
ইমরান আরও বলেন, তিনি বুঝতে পারতেন যে তিনি আবেগ ও সৃজনশীল সন্তুষ্টির জায়গা থেকে সরে যাচ্ছেন। ‘কাট্টি বাট্টি’র বাণিজ্যিক ব্যর্থতাও তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, তবে তা কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না। বরং মাসের পর মাস, বছরের পর বছর ধরে তৈরি হওয়া উপলব্ধির ফলেই তিনি অভিনয় থেকে দূরে সরে যান। অভিনেতার মতে, তখন তার মনে হয়েছিল, অভিনয়ের সুযোগের পেছনে দৌড়ানোর আগ্রহ আগের মতো নেই।
অর্থ কখনোই প্রধান চালিকাশক্তি ছিল না, এটি ইমরান খোলাখুলিভাবে স্বীকার করেছেন। সামদিশের আনফিল্টার্ড অনুষ্ঠানে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি তীব্র বেতন বৈষম্যের মুখোমুখি হন। একই সাক্ষাৎকারে তিনি জানান, তার সর্বোচ্চ পারিশ্রমিক এক সিনেমার জন্য ছিল মাত্র ১২ কোটি টাকা।
সব বাধা পেছনে ফেলে এবার নতুন অধ্যায় শুরু করলেন ইমরান। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘হ্যাপি প্যাটেল : খতরনাক জাসুস’। ছবিটির পরিচালক বীর দাস, যিনি এতে অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন মিথিলা পালকার ও শারিব হাশমি এবং বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকে।