প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬ পিএম
উপকূলের মানুষের সংগ্রামী জীবন ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘হাঙর’। সিনেমাটি পরিচালনা করেছেন তন্ময় সূর্য। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালের জনপ্রিয় অভিনেতা প্রমোদ অগ্রাহারি। ‘হাঙর’-এর মাধ্যমে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। নির্মাতা সূত্রে জানা গেছে, রোজার ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম।
২০১৩ সালে ‘উমা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন প্রমোদ অগ্রাহারি। এরপর দুই ডজনেরও বেশি নেপালি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করেই বেশি পরিচিতি পান প্রমোদ। বর্তমানে তিনি নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ও জনপ্রিয় ভিলেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছেÑ ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’ এবং ‘অগস্ত্য চ্যাপ্টার ১’।
এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে ‘হাঙর’ সিনেমার ফার্স্ট লুক টিজার। সেখানে অ্যাকশন অবতারে দেখা গেছে প্রমোদকে, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সিনেমার গল্প সম্পর্কে পরিচালক তন্ময় সূর্য বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতা ও সংকট থাকে। ক্ষমতাবানদের দ্বারা অনেক সময় তারা জিম্মি হয়ে পড়ে এবং না চাইলেও কেউ কেউ অপরাধের জগতে জড়িয়ে যায়। ‘হাঙর’ সেই সব মানুষের জীবনসংগ্রামের গল্পই তুলে ধরবে।
‘হাঙর’ সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল ও মাহফুজ মুন্না। ছবিটির পরিচালনার পাশাপাশি লিখেছেনও তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।