মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১২:০৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ১২:০৪ পিএম
প্রতি সপ্তাহের মতোই নতুন বছরের শুরুতেও দর্শকদের চোখ ওটিটি প্লাটফর্মে। ছুটির আমেজে ঘরে বসে ভালো গল্প, শক্তিশালী অভিনয় আর ভিন্নধর্মী নির্মাণ উপভোগ করতে চাইছেন অনেকেই। সে চাহিদার কথা মাথায় রেখেই জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে নানা দেশের ও নানা ভাষার কিছু উল্লেখযোগ্য সিনেমা ও ওয়েব সিরিজ। সম্পর্কের টানাপড়েন, সামাজিক ন্যায়বিচার, খেলাধুলার লড়াই কিংবা নিঃসঙ্গতার মাঝেও ভালোবাসা খুঁজে পাওয়ার গল্পÑ সব মিলিয়ে এ সপ্তাহের কনটেন্টে আছে আবেগ, অনুপ্রেরণা আর মানবিকতার ছোঁয়া। বাছাই করা এমনই কিছু নতুন মুক্তির খোঁজ থাকছে এই প্রতিবেদনে।
রান্না বাটি (বাংলা সিনেমা)
বাংলা ভাষার আবেগঘন এই সিনেমাটি মুক্তি পেয়েছে হইচই প্লাটফর্মে ১ জানুয়ারি। অভিনয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অনির্বাণ চক্রবর্তী। গল্পের কেন্দ্রে রয়েছে এক কিশোরী মোহর এবং তার বাবা শান্তনুর সম্পর্ক। কর্মব্যস্ত শান্তনু জীবনের দৌড়ে মেয়েকে সময় দিতে পারেনি কখনোই। স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে মোহর আরও একা হয়ে পড়ে এবং বাবার সঙ্গে দূরত্ব আরও বেড়ে যায়। বাবাকে সে খুব একটা পছন্দ করে না। তবে শান্তনু হাল ছাড়ে না। মেয়ের মন জয় করতে সে রান্নাকে মাধ্যম হিসেবে বেছে নেয়। খাবারের স্বাদ, যত্ন আর ভালোবাসার মধ্য দিয়ে ধীরে ধীরে বদলাতে থাকে বাবা-মেয়ের সম্পর্ক। পারিবারিক আবেগ আর মানবিক অনুভূতির গল্প নিয়ে এগোয় ‘রান্না বাটি’।
হক (হিন্দি সিনেমা)
নেটফ্লিক্সে ২ জানুয়ারি মুক্তি পেয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হিন্দি সিনেমা ‘হক’। অভিনয় করেছেন ইমরান হাশমি, ইয়ামি গৌতম ও শিবা চাড্ডা। আশির দশকের মাঝামাঝি সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প সাজিয়া বানু নামের এক নারীর জীবনের সংগ্রামকে তুলে ধরে। মৌখিকভাবে তালাক দিয়ে স্বামী আব্বাস খান দ্বিতীয় বিয়ে করলে সন্তানদের অধিকার আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হন সাজিয়া। একা একজন নারীর এই আইনি লড়াই ধীরে ধীরে দেশজুড়ে আলোড়ন তোলে এবং ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে। সামাজিক বাস্তবতা ও নারীর অধিকারের প্রশ্ন তুলে ধরেছে এই সিনেমা।
এলবিডব্লিউ : লাভ বিয়ন্ড উইকেট (তামিল সিরিজ)
গত ১ জানুয়ারি জিওহটস্টারে মুক্তি পেয়েছে তামিল সিরিজ ‘এলবিডব্লিউ : লাভ বিয়ন্ড উইকেট’। এতে অভিনয় করেছেন বিক্রান্ত, নিয়াথি কাদম্বি ও সিন্ধু শ্যাম। গল্পের কেন্দ্রবিন্দু মফস্বলের একটি ক্রিকেট ক্লাব, যার একসময় ছিল গৌরবময় ইতিহাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কোচ হিসেবে আনা হয় রঙ্গনকে। খেলোয়াড়দের অনীহা ও দুর্বল অবকাঠামোর মাঝেও রঙ্গন বিশ্বাস রাখে নিজের স্বপ্নে। খেলাধুলার পাশাপাশি এই সিরিজে উঠে আসে ভালোবাসা, নেতৃত্ব ও লড়াইয়ের গল্প।
ফলো মাই ভয়েস (স্প্যানিশ সিনেমা)
প্রাইম ভিডিওতে ২ জানুয়ারি মুক্তি পেয়েছে স্প্যানিশ ভাষার সিনেমা ‘ফলো মাই ভয়েস’। অভিনয়ে রয়েছেন বার্টা কাস্তানে, ক্লদিয়া ট্রাইসাক ও ফার্নান্দো গুয়ালার। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ঘরবন্দি জীবন কাটাতে হয় কিশোরী ক্লারাকে। একাকিত্বের সেই সময়ে সে আকৃষ্ট হয়ে পড়ে ‘ফলো মাই ভয়েস’ নামের একটি রেডিও অনুষ্ঠানের প্রতি। উপস্থাপকের কণ্ঠে মুগ্ধ হয়ে তাকে না দেখেই ভালোবেসে ফেলে ক্লারা। এই অদৃশ্য ভালোবাসাই তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। অনুভূতি আর আশার গল্পে ভর করে এগোয় সিনেমাটি।