প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম
নিঃশব্দে থেমে গেল একটি দীর্ঘ, কঠিন ও আপসহীন সংগ্রামের জীবন। যার নাম উচ্চারিত হলেই রাজনীতির অভিধানে ‘আপস’ শব্দটি অর্থহীন হয়ে পড়ে, তিনি আর নেই। গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যকে পেছনে ফেলে দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়া এই নেত্রীর পথচলা ছিল অসম্ভব রকম কঠিন। তার চলে যাওয়া মানে একটি মানুষের মৃত্যু নয়, বরং একটি সময়ের সাক্ষ্য রেখে যাওয়াÑ যে সময় আমাদের মনে করিয়ে দেয়, আপসহীনতা এখনও ইতিহাস গড়তে পারে। একজন আপসহীন নেত্রীকে হারানোর বেদনা, তার প্রতি গভীর শ্রদ্ধা থেকে কনক চাঁপা হৃদয় নিংড়ানো এক আবেগঘন পোস্ট করেছেন। কনক চাঁপা তার ফেসবুক পোস্টে লিখেছেন…
চলে গেলেন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আপসহীন অবিসংবাদিত নেতা, মানবতার মা বেগম খালেদা জিয়া। বারবার তার নামের সঙ্গে উচ্চারিত হয় ‘আপসহীন’, নিশ্চয়ই আমরা তার মানে জানি কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সঙ্গে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেননি!
দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশ ও বিলাসী জীবন কিছুর তোয়াক্কা তিনি করেননি। এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন যা আমরা ভাবতেই পারি না। বড়ই আফসোস হয় একটা ডাহা মিথ্যা মামলার কারণে তিনি তার জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।
সেই পুরাতন, পুরনো ভাঙা জেলখানায় তার দিন কেটেছেÑ তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিল সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত, অথচ তিনি থাকতেন নির্ভার! এজন্যই তাকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব।
তার স্পষ্ট উচ্চারণ ছিল জীবনে যা কিছু হয়ে যাক, এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাকে সঠিক মর্যাদা দিতে পারিনি।
আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেওয়ার অনুগ্রহ করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।