প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৬ পিএম
বিদেশের মাটিতে ছুটির আমেজে যেন আরও উজ্জ্বল নুসরাত ফারিয়া। কাজের ব্যস্ততা আর ভ্রমণÑ এই দুই মিলিয়ে সাম্প্রতিক সময়ে দেশের চেয়ে বিদেশেই বেশি সময় কাটাচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। বড়দিন ও বছরের শেষ মুহূর্তের ছুটি কাটাতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি। কখনও টরোন্টো, কখনও ওটায়াÑ তুষারঢাকা শহরের সৌন্দর্যে ডুবে আছেন ফারিয়া। তবে এবারের কানাডা ভ্রমণ আলাদা করে আলোচনায় এসেছে তার সঙ্গীর কারণে। ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানকে সঙ্গে নিয়ে ছুটির দিনগুলো উপভোগ করছেন নায়িকাÑ এ নিয়েই শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল।
গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে ওটায়া থেকে প্রকাশ করা নুসরাত ফারিয়ার একগুচ্ছ ছবি মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। অফ-শোল্ডার কালো ড্রেস, খোলা চুল আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে খানিক উষ্ণ ও গ্ল্যামারাস লুকে ধরা দেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’Ñ এই একটি বাক্যই যেন ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ছবিগুলো, প্রশংসায় ভাসেন নুসরাত ফারিয়া।
এর মধ্যেই সামনে আসে আরেকটি ছবি, যেখানে কানাডার ওটায়ায় নুসরাত ফারিয়ার পাশে দেখা যায় জায়েদ খানকে। বড়দিন ও নতুন বছরের উৎসব একসঙ্গেই উদযাপন করছেন এই দুই তারকা। ছবিতে জায়েদ খান কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা ও সানগ্লাসে স্টাইলিশ লুকে হাজির; হাতে ছিল একটি ফুলের তোড়া। তার পাশে কালো শীতের পোশাকে হাস্যোজ্জ্বল নুসরাত ফারিয়া। দুজনের উপস্থিতি একই ফ্রেমে আসতেই শুরু হয় আলোচনা।
এ আলোচনা আরও জোরালো হয়েছে আজ ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানকে ঘিরে। সেখানে অতিথি হিসেবে অংশ নেবেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান দুজনই। অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছেন নুসরাত নিজেই।