মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫ পিএম
উৎসব খ্যাত নির্মাতা তানিম নূর এবার বড়পর্দায় হাজির হচ্ছেন নতুন গল্প, নতুন ঢং এবং আরও বড় তারকা সমাবেশ নিয়ে। তার পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’ (২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত) চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর অনুপ্রেরণায় নির্মিত, যা দেশীয় সংস্কৃতি ও উৎসবের আবহে মানবিক মূল্যবোধের গল্প বলেছে এবং বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছে।
বর্তমানে, তানিম নূর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণের কাজ শুরু করেছেন। এই কাজটি তার পরিচালনায় সাহিত্যের গভীরতাকে চলচ্চিত্রে রূপ দেওয়ার আরেকটি প্রচেষ্টা।
‘উৎসব’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা তানিম নূরের বহুমুখী প্রতিভা এবং চিরাচরিত ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করার আগ্রহকে তুলে ধরে। তিনি আধুনিক দর্শকদের কাছে সাহিত্যভিত্তিক অথচ বিনোদনমূলক চলচ্চিত্র উপহার দিতে বদ্ধপরিকর।
বনলতা এক্সপ্রেসের পরিচালক তামিম নূর প্রতিদিনের বাংলাদেশকে জানান, হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘কিছুক্ষণ’-এর গল্পের সঙ্গে মিল রেখে সিনেমাটি নির্মাণ করছেন। ২০০৭ সালে যেহেতু গল্পটি লেখা আমরা ঠিক সেই সময়ের থিম রেখে শুটিং করব।
তিনি আরও বলেন, সিনেমার গল্প হবে ট্রেন নিয়ে। চরিত্রগুলোর গভীরতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিজ্যুয়াল ন্যারেটিভকেও তিনি নতুনভাবে ব্যবহার করতে চান। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘কিছুক্ষণ’ যারা পড়েছে তারা আসলে বুঝতে পারবে গল্পের মূল থিমটা কি। ১৫ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ছবিটা ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে।
উৎসব সিনেমা যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল একইভাবে বনলতা এক্সপ্রেস সিনেমাটিও দর্শক হৃদয় জয় করবে বলে তিনি প্রত্যাশা রাখেন। উৎসব সিনেমা যেমন আলো-ছায়ার মায়ায় দর্শকের মন জুড়িয়ে দিয়েছিল, তেমনই বনলতা এক্সপ্রেসও ছুটে আসবে অনুভূতির রেলপথ ধরেÑ হৃদয়ের স্টেশনে থেমে থেমে রেখে যাবে গল্পের গভীরতার নিশ্বাস। উৎসবের সফলতার মতোই, এই ছবিটিও হয়তো খুলে দেবে নতুন এক জানালা, যেখানে প্রতিটি ফ্রেম হবে ভোরের শিশির, প্রতিটি সংলাপ বাতাসে ভাসা কোনো পুরনো কবিতা।
তানিম নূর তার নির্মাণশৈলী, বর্ণনাভঙ্গি ও চরিত্রের সূক্ষ্ম ব্যবহারের জন্য বিশেষভাবে প্রশংসিত। তার পূর্ববর্তী কাজ ‘উৎসব’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে তিনি মানবিক সম্পর্ক, আবেগ ও সামাজিক বাস্তবতার চমৎকার মিশেলে একটি প্রভাবশালী গল্প উপস্থাপন করেছিলেন। ফলে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে প্রত্যাশাও ততটাই উঁচু।
এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ তারকাবহুল কাস্টিং। জাকিয়া বারী মম ছাড়াও এতে অভিনয় করতে দেখা যাবে ঢাকাই সিনেমার ব্যস্ততম মুখ শরীফুল রাজ, জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, অভিনয়শিল্পীদের ভুবনে শক্তিমান দুই নাম মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে। এই তালিকা থেকেই বোঝা যায়, ছবিটি কাস্টিংয়ের দিক থেকে হবে বছরের অন্যতম আলোচিত সিনেমা।
গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ‘বনলতা এক্সপ্রেস’ হবে ঘরানা ভিত্তিক একটি ড্রামা থ্রিলার, যেখানে একই ট্রেনে ছুটে চলা কিছু মানুষের ভিন্ন ভিন্ন জীবন, সংকট, দ্বন্দ্ব ও সম্পর্কের গল্প উঠে আসবে। চরিত্রগুলোর শক্তিশালী উপস্থিতি ও তাদের মানসিক টানাপড়েনই হবে গল্পের প্রধান চালিকাশক্তি। তা ছাড়া সিনেমাটিতে পরিবেশ, লোকেশন ও সিনেমাটোগ্রাফির ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে।