প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১২:০৮ পিএম
এই বছরের জানুয়ারিতেই ঘোষণা দেওয়া হয়েছিল আলোচিত সিনেমা ‘গোলাপ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব হোসেন ও আলোচিত নায়িকা পরীমনি। এটি পরিচালনা করছেন সামছুল হুদা, যিনি ইতোমধ্যেই দর্শকপ্রিয় বেশকিছু সিনেমা করেছেন। শুরুতে নির্মাতা জানিয়ে ছিলেন, ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে। তবে ঘোষণা হওয়ার প্রায় ১১ মাস পার হলেও সিনেমার কাজ এখনও শুরু হয়নি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, নানা জটিলতার কারণে এ বছর ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু হয়নি। পরিচালক সামছুল হুদা বলেন, ‘গল্প নিয়ে কিছু ঝামেলা ছিল। পুরো টিমের সঙ্গে আলোচনা ও পর্যালোচনা শেষে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। আশা করছি আগামী বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু করতে পারব।’
নতুন শিডিউল অনুযায়ী, নির্মাতা ইতোমধ্যেই প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলেছেন। গল্প, চিত্রনাট্য ও অন্যান্য দৃশ্যের পরিকল্পনা নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরুর সঠিক সময় জানিয়ে দেওয়া হবে।
নিরব হোসেনও এই বিষয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দিতে চাই। তাই গল্প নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলাম। নানা সময়ে নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। কিছু পরিমার্জনও করা হয়েছে। নতুন দৃশ্য সংযোজন করা হয়েছে। আমি নিজেও এ বছর বেশিরভাগ সময় দেশের বাইরে ছিলাম। সব মিলিয়ে শুটিং শুরু করা যায়নি। গল্প এখন চূড়ান্ত, চিত্রনাট্যও প্রায় শেষ। আশা করছি নতুন বছরে শুটিং শুরু করতে পারব এবং দর্শকদের দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।’
সিনেমা গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে এবং এটি থ্রিলার ঘরানার। ‘গোলাপ’ মূলত পলিটিক্যাল থ্রিলার হিসেবে তৈরি হবে। ছোট শহরের রাজনৈতিক দৃশ্যপট তুলে ধরা হবে ছবিতে। সঙ্গে থাকছে অ্যাকশন দৃশ্যের তীব্রতা। সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস, যিনি ছবির থ্রিলার ও রাজনৈতিক বিষয়গুলোকে জীবন্তভাবে পর্দায় তুলে ধরার দায়িত্ব নিয়েছেন।
নির্মাতা সামছুল হুদা আশা প্রকাশ করেছেন, নতুন বছরের শুরুতেই শুটিং শুরু করে দর্শকদের জন্য একটি আকর্ষণীয় এবং মানসম্পন্ন সিনেমা উপস্থাপন করতে পারব। ইতোমধ্যেই গল্প চূড়ান্ত হওয়ার পর, নতুন পরিকল্পনা ও দৃশ্য সংযোজন সিনেমাটিকে আরও শক্তিশালী করে তুলেছে। ফলে দর্শকদের অপেক্ষা হয়তো খুব বেশি দিন থাকছে না এবং ‘গোলাপ’ একটি দারুণ থ্রিলার অভিজ্ঞতা উপহার দিতে আসছে।