প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯ এএম
সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে পুরো দেশ। তারকারাও এর বাইরে নয়। সামাজিক মাধ্যমে অনেক তারকাই খালেদা জিয়ার সুস্থতা জানিয়ে পোস্ট করেছেন। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, পুরো দেশ আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। কিছু রাজনৈতিক কুমির ছাড়া সবাই বেগম জিয়ার জন্য কাঁদছে, দোয়া করছে।
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাঁপা লিখেছেন, ‘আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, অকুতোভয় মৃত্যুঞ্জয়ী এই যোদ্ধা আজও অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। এখন পুরো দেশের মানুষের একটাই প্রার্থনা, ‘আল্লাহ, আপনি তাকে সুদীর্ঘ নেক হায়াত দিন এবং আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সুন্দর বিজয় দেখার তৌফিক দিন।’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’ ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে ডিপজল লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি লিখেছেন, ‘এই কঠিন সময়ে আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই গুরুতর অবস্থা কাটিয়ে উঠতে পারেন।’ মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’
টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব লিখেছেন, ‘এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার ৫ বছর পাইলট ছিলাম। তার প্রটোকলে থেকে বহুবার তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তিনি একজন পরিশ্রমী, স্বচ্ছ-ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ। সত্যিকারের একজন আপসহীন নেত্রী তিনি। সর্বোপরি সবার ঊর্ধ্বে তিনি একজন মা। কাছে থেকে দেখেছি তিনি প্রচণ্ড একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন, দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।’
অভিনেত্রী তমালিকা কর্মকার নিজের স্মৃতিময় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল, ২৫ বছর আগে। একজন অভিনেত্রী হিসেবে সেই সম্মান আর মুহূর্ত আজও মনে লালন করি।’ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া জানিয়ে তমালিকা আরও লেখেন, ‘বিএনপি চেয়ারপারসন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।’