প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১০:১০ এএম
জেফার রহমান
এই সময়ের আলোচিত সংগীতশিল্পীদের তালিকায় অন্যতম নাম জেফার রহমান। প্লেব্যাক হোক কিংবা নিজস্ব মৌলিক গান- দুই ক্ষেত্রেই তরুণ শ্রোতাদের কাছে তিনি সমান জনপ্রিয়। মাঝেমধ্যে অভিনয়েও চমকে দেন তিনি। তবে ব্যক্তিগতভাবে জেফার বেশ সংযত; প্রচারণার প্রয়োজন ছাড়া খুব কমই কথা বলেন। তাই গত সোমবার রাতে তার দেওয়া এক ভিডিও বার্তা ভক্তদের নজর কাড়ে।
৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে তিনি তুলে ধরেন নিজের হতাশার কিছু দিক। নিজের পরিশ্রম ও কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন জেফার। তার ভাষায়, ‘অনেকেই ভাবে আমি শুধু গান করিÑ ঠিক আছে, এটাই তো দেখা যায়। কিন্তু আমরা পেছনে কত পরিশ্রম করি, কতটা সময় দিইÑ সেটা তো প্রকাশ করি না। আপনারা জানবেন না, সেটাই স্বাভাবিক।’
জেফার আরও জানান, বেশকিছু বিষয় দীর্ঘদিন ধরে তাকে ভাবিয়ে তুলছিল; সময় নিয়ে সেই অনুভূতিগুলোই অবশেষে তিনি ভিডিও বার্তা হিসেবে শেয়ার করেছেন। জেফার বলেন, ‘সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না; গান সুর করা, বানানো, কথা, প্রস্তুতি, মিউজিক ভিডিওসহ পরিকল্পনাÑ আমার অনেক কিছু করতে হয়। আমি গান লিখি, সুর করি এবং আমার গানের ৯০ শতাংশই আমার সুর করা। গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম।’

গান প্রকাশের পর প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন জেফার। তিনি বলেন, ‘এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালিÑ সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না। মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে; বিশেষ করে এখন। সেটা নিয়ে এখন কথা বলছি।’ ভিডিওর শেষে জেফার জানান, এখন থেকেই তিনি মাঝেমধ্যে নিজের চিন্তা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। নারী শিল্পীদের পাশে থাকার আহ্বান জানিয়ে জেফার বলেন, ‘প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন। আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়। তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ রকম একটা কাজ (গান) বেছে নিয়েছি... আমাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে।’