প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৩:১৪ পিএম
আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’-এর যাত্রাপথ বেশ দীর্ঘ ও ঘুরপাক খাওয়া। ২০২২ সালের জুলাইয়ে ছবিটি প্রথমবার সেন্সর বোর্ডে জমা পড়ে। মাস শেষ হতে না হতেই জানা যায়, কিছু কারিগরি ত্রুটির কারণে ছাড়পত্র আটকে গেছে। পরে সংশোধন করে আবার জমা দিলে বছরের শেষ দিকে মিলেও যায় সেন্সর অনুমতি।
কাগজে-কলমে ছাড়পত্র পাওয়া হলেও প্রেক্ষাগৃহে আসতে সময় কেটে গেছে প্রায় তিন বছর। অবশেষে গত সোমবার সন্ধ্যায় খবর মিলেছে, ‘নূর’ মুক্তির পথে। তবে হলে নয়, ছবিটি আসছে ওটিটি প্লাটফর্মে। সেই অনুযায়ী শেষ মুহূর্তের প্রস্তুতিও চূড়ান্ত। দুয়েক দিনের মধ্যেই প্রকাশিত হতে পারে ট্রেলার। ‘নূর’ ছবিটির পরিচালক রায়হান রাফি। তিনি এখন অন্য একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটির প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ছবিটি কিনে নেয় কোয়াইট অ্যান্ড সেট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর থেকে ছবিটি মুক্তির নানা উপায় খোঁজা হয়। একাধিকবার পরিচালক-অভিনয়শিল্পী এবং প্রযোজকের মিটিংও হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ‘নূর’ ছবিটি ওটিটিতেই মুক্তি পাবে।
২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে আরিফিন শুভ ও ঐশী অভিনীত এই ছবি। অন্য একটি সূত্রে জানা গেছে, ছবির প্রধান দুই অভিনয়শিল্পী চেয়েছিলেন, ‘নূর’ ছবিটি যেন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু তাদের সেই চাওয়াটা পূরণ হয়নি। তারপরও পেশাদারত্বের কথা চিন্তা করে তারা ছবিটির প্রচারণামূলক ফটোশুটেও অংশ নিয়েছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘নূর’ ছবির পরিচালক রায়হান রাফি প্রেক্ষাগৃহ বাদ দিয়ে ওটিটিতে ছবিটির মুক্তির প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন আগের ছবি।
দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’ শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেনÑ এমন প্রশ্নে পরিচালকের বক্তব্য, ‘তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি- এর বাইরে কোনো যুক্তি নেই।’ আরিফিন শুভ ও ঐশী প্রথম অভিনয় করেন ‘মিশন এক্সট্রিম’ ছবিতে। এরপর তাদের দেখা গেছে ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ ছবিতে। এই জুটির তিন নম্বর সিনেমা ‘নূর’। ঐশী সম্প্রতি ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। অন্যদিকে আরিফিন শুভ অভিনীত পরিচালক অনম বিশ্বাসের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বলিউডে ‘জ্যাজ সিটি’ নামের একটি সিরিজের শুটিংও করেছেনÑ কবে এই সিরিজ মুক্তি পাবে, সে ব্যাপারে কিছুই জানেন না শুভ।