প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১১:১৯ এএম
ছবি : প্রবা কোলাজ
বাংলাদেশের নায়িকারা সামাজিক মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে বেশ সক্রিয়ভাবে নিজেদের উপস্থিতি জানান দেন। বিপরীতে অনেক নায়ককে সেখানে তুলনামূলকভাবে নীরবই দেখা যায়। কারও কারও আবার নিজেদের অফিসিয়াল পেজ নিয়েও তেমন আগ্রহ নেই।
তবুও ব্যতিক্রম আছে- কিছু তারকা নিয়মিত ফেসবুকে নিজের কাজ, শুটিং আপডেট কিংবা ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করেন। এতে তাদের ভক্তরা কাছ থেকে জানতে পারেন প্রিয় নায়কের দৈনন্দিন জীবন, ভাবনা ও ব্যস্ততা। ফেসবুকে কে কতটা জনপ্রিয়- এটি অনেকটাই নির্ভর করে অনুসারীর সংখ্যার ওপর। তাই দেশের নায়কদের মধ্যে কাদের ফেসবুক ফলোয়ার সবচেয়ে বেশি, সে ভিত্তিতে যদি শীর্ষ ৫ জনের একটি তালিকা করা হয়, তবে সেই তালিকাটি হতে পারে বেশ আকর্ষণীয় ও আলোচনাযোগ্য।
শাকিব খান (৭৫ লাখ)
বাংলাদেশি সিনেমার আলোচিত তারকা শাকিব খান। জনপ্রিয়তার পাশাপাশি সম্মানীর দিক দিয়েও এ তারকার ধারেকাছে নেই দেশের আর কোনো তারকা। ২৫ বছর ধরে ঢালিউডে তার পথচলা। দেশ-বিদেশে রয়েছে তার বিশাল ভক্ত-গ্রুপ। নতুন দিনের শাকিব খান যেন নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন। গত কয়েক বছরে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘দরদ’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ দিয়ে চমকে দিয়েছেন সবাইকে। একের পর এক সুপারহিট কাজ উপহার দিয়ে পুরনোদের পাশাপাশি নতুন ভক্ত-গ্রুপ তৈরি করছেন তিনি। এক দশকের বেশি সময় ধরে শাকিব খানের ফেসবুক পেজ থাকলেও কয়েক বছর ধরে পেজটি বেশ সক্রিয়। নিজের কাজের হালনাগাদ তথ্য যেমন তার পেজ থেকে দেওয়া হয়, তেমনি চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা বিষয়েও তার বক্তব্য থাকে, দেশের বিভিন্ন ইস্যুতেও শাকিব খানের মতামত দেখা যায়। শাকিব খানের ভেরিফায়েড এই পেজে ৭৫ লাখের বেশি মানুষ তাকে অনুসরণ করে।
সিয়াম আহমেদ (৪৩ লাখ)
চলচ্চিত্রে পথচলা ৭ বছরের হলেও অভিনয় অঙ্গনে আছেন এক যুগের বেশি সময়। প্রথমদিকে বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটক এবং উপস্থাপনা করতেন সিয়াম আহমেদ। ২০১৮ সালে ‘পেড়ামন ২’ ছবি দিয়ে বড়পর্দায় আবির্ভাব ঘটে তার। চলচ্চিত্রে এখন আলাদা একটা অবস্থান তৈরি করতে পেরেছেন এই তারকা। এ বছর এই তারকা ‘জংলি’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। ছবিটি দর্শক-মন জয় করে নিয়েছে। অভিনয়সংশ্লিষ্ট কাজের পাশাপাশি সিয়াম বিভিন্ন বিষয়ে তার মতামত দেওয়ার মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন। এই তারকার ফেসবুকে রয়েছে ৪৩ লাখের বেশি অনুসারী।
আফরান নিশো (৩৩ লাখ)
অভিনয়ে প্রায় দুই যুগ হতে চলছে আফরান নিশোর। দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় কাজ করে বছর তিনেক বড়পর্দায় নিয়মিত হয়েছেন। এর আগে অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও কাজ করেছেন। বড়পর্দায় নিয়মিত কাজ করলেও একই সঙ্গে ছোটপর্দায়ও কাজ করছেন জনপ্রিয় এই তারকা। ‘সুড়ঙ্গ’ দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক বেশ ভালোই হয় নিশোর। এরপর বছরখানেক বিরতি দিয়ে গত ঈদে মুক্তি পায় ‘দাগি’। দুটি সিনেমায় আফরান নিশোর সহশিল্পী তমা মির্জা। ছোটপর্দার দাপুটে অভিনয়শিল্পী এখন বড়পর্দায় অভিনয়ে বেশি মনোযোগী। এরই মধ্যে নতুন সিনেমার ঘোষণাও এসেছে। আফরান নিশো ফেসবুকেও নিয়মিত। ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার এই মাধ্যমে আফরান নিশোর অনুসারীর সংখ্যা ৩৩ লাখের বেশি।
চঞ্চল চৌধুরী (২৫ লাখ)
কত চরিত্রই তো করলেন তিনি। নিজেই বললেন, কিছু করার আগে প্রথম চিন্তা, নতুন কী করা যায়। তাই প্রতিবার তিনি যখন পর্দায় আসেন, এক ভিন্ন চঞ্চল চৌধুরীকে দেখতে পান দর্শক। অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর আরেকটি পরিচয় তিনি একজন চিত্রশিল্পী। অভিনয়ে ব্যস্ত হয়ে পড়লে তার তুলিতে রঙ মেশানো কিছুটা কমে যায়। কয়েক বছর ধরে চঞ্চল চৌধুরী তার কাছের মানুষ, শিল্পী-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মুখচ্ছবি আঁকছেন। তা ফেসবুকে নিয়মিত পোস্ট করেন। অভিনয়সংশ্লিষ্ট কাজের পাশাপাশি চঞ্চল বিভিন্ন বিষয়ে তার মতামত দেওয়ার মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন। এই তারকার ফেসবুকে রয়েছে ২৫ লাখের বেশি অনুসারী।
আরিফিন শুভ (২০ লাখ)
শুরুটা ছিল র্যাম্প মডেলিং দিয়ে। এরপর বেশকিছুদিন রেডিও জকির কাজও করেছেন আরিফিন শুভ। ধীরে ধীরে ছোটপর্দা হয়ে ‘জাগো’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। একে একে করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছায়াছবি’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব একটি জাতির রূপকার’। কলকাতায়ও অভিনয় করছেন এই ঢালিউড তারকা। দেড় যুগ ধরে অভিনয় করছেন। গত ঈদে আরিফিন শুভর ‘নীলচক্র’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। বলিউডে এরই মধ্যে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। কথা চলছে একাধিক চলচ্চিত্রের। ফেসবুকে এই তারকাকে অনুসরণ করেন ২০ লাখের বেশি ভক্ত-অনুরাগী।