প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১১:২২ এএম
নুসরাত ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় মুখ অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও ভক্তদের চমকে দিলেন। সিনেমা, গান কিংবা স্টেজÑ সব প্লাটফর্মেই জমিয়ে রাখেন তিনি। সেই উপস্থিতি সামাজিক মাধ্যমেও সমানভাবে বজায় থাকে। নিয়মিতই নানা লুকে হাজির হয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
গতকাল রবিবার সকালে প্রকাশিত তার নতুন ফটোশুটও তেমনই সাড়া ফেলেছে। রয়্যাল ব্লু রঙের শাড়ি, সঙ্গে হীরার নজরকাড়া গয়নাÑ এই গ্ল্যামারাস সাজে ফারিয়াকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।’ ফারিয়ার এই মেকওভার লুক প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে। মুহূর্তের মধ্যে হাজারো লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস, স্টাইলের প্রশংসা করেছেন। সম্প্রতি দেশের বাইরে ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। ফিরেই আবার নানা কাজে যুক্ত হয়ে গেছেন তিনি। নতুন লুক, নতুন ব্যস্ততা- সব মিলিয়ে আবারও লাইমলাইটে এই ঢালিউড ডিভা। দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার সৌন্দর্য একেবারেই অন্য রকম।
অপরূপ সুন্দর মুখশ্রী, মিষ্টি হাসি আর ধারালো ফিগারের নুসরাতকে মানিয়ে যায় সব ধরনের লুকেই। আত্মবিশ্বাস আর মনের জোরও তার অনেক। সম্প্রতি দেশের শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভকে নিয়ে কথা বলেছেন এই তারকা। তাদের কাজের প্রতি সম্মান করে জানিয়েছেন নিজের ভাবনার কথা। এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা শুভকে নিয়ে অকপটে তার মতামত দেন।

শাকিব খানকে তিনি বলেন, ‘শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকে তিনি শাকিব খান। সুতরাং তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই; কিন্তু সবাই তাকে ভালোবাসে।’ অন্যদিকে, আরেক নায়ক আরিফিন শুভকে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শুভ, ওকেও, ওর একটা অ্যাকসেপটেন্স রয়েছে। ওকে সবাই পছন্দ করে, ওর কাজ সবাই ভালোবাসে।’ তার কথায়, ‘দুজনের সঙ্গেই আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক। আমি মনে করি আমার সঙ্গে যারাই কাজ করে, নতুন, পুরনোÑ আমি সবাইকে এমন একটা পরিবেশ নিয়ে নিই যে, হাহা হিহি করতে করতে কাজ শেষ হয়ে যায়।’
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।