প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১১:২৪ এএম
নুসরাত ফারিয়া
ঢালিউডে যারা নুসরাত ফারিয়াকে চেনেন, তারা জানেন, তিনি শুধু অভিনয়ের জন্য নয়, নিজের শৃঙ্খল জীবনযাপনের জন্যও অনুপ্রেরণা। বিনোদন অঙ্গনের অন্য তারকাদের মতো ফারিয়া শুধু ক্যামেরার সামনে নয়, পর্দার বাইরেও নিজের ফিটনেসকে গুরুত্ব দেন। নিয়মিত ব্যায়াম তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ফারিয়া, যেখানে তাকে দেখা গেছে জিমে ঘাম ঝরাতে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘১১ বছর ধরে প্রতিদিন! নিজের শরীরকে ভালোবাসুন, বিনিময়ে শরীরও আপনাকে ভালোবাসবে।’ এই একটি বাক্যই যেন বলে দেয়, ফারিয়ার ফিটনেস শুধু শরীরচর্চা নয়- এটি এক ধরনের আত্মনিবেদন।

ফারিয়া একাধিক সাক্ষাৎকারে বলেছেন, জিম তার কাছে কেবল দেহগঠন নয়, মানসিক প্রশান্তিরও জায়গা। দিনের ব্যস্ততা বা ক্লান্তি কাটাতে তিনি ব্যায়ামকে বেছে নেন। নিয়মিত যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাস তার জীবনযাপনের অংশ। তার ভাষায়, ‘নিজেকে যত্ন না নিলে কোনো কাজেই মন বসে না। ফিট থাকা মানে আত্মবিশ্বাসী থাকা।’
অভিনয়ে আসার আগেই নুসরাত ফারিয়া ছিলেন পরিচিত মুখÑ টেলিভিশনের প্রাণবন্ত উপস্থাপক হিসেবে। তবে বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়েছিল ‘এক মুঠো স্বপ্ন’ গানের মডেল হয়ে। এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বড়পর্দায় অভিষেক ঘটে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে, যেখানে তার সহশিল্পী ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। সেই ছবিই তাকে এনে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এরপর একে একে ঢালিউড ও টলিউডÑ দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন ফারিয়া। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে। ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় ছিল সাহসী ও দায়িত্বশীল এক পদক্ষেপ।
সর্বশেষ তাকে দেখা গেছে ‘জ্বিন-৩’ সিনেমায়, যেখানে সহশিল্পী ছিলেন সজল। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে খুব একটা সাড়া ফেলতে পারেনি, তবু ফারিয়া থেমে থাকেননি। শিগগিরই তিনি কাজ শুরু করেছেন নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এ, যা নির্মিত হচ্ছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। ছবিটি পরিচালনা করছেন রায়হান খান।