বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:০২ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৮ পিএম
কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। প্রতিদিন খেলার দিনে ফুটবলপ্রেমীদের আসর বসে ফিফা ফ্যান জোনে। সেখানে ফুটবলপ্রেমীরা উপভোগ করেন খেলা আর গানবাজনা। চলে হইহুল্লোড়। মেতে ওঠেন নানা দেশের ফুটবল ফ্যানেরা। সানায়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আল জানুব স্টেডিয়ামের ফ্যান জোন এমনই একটি জোন।
শনিবার সন্ধ্যায় ক্রোয়েশিয়া বনাম মরক্কো অংশ নেয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এ উপলক্ষে রাত ৯টায় সানায়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আল জানুব স্টেডিয়ামের ফ্যান জোনে অনুষ্ঠিত হয় কালচারাল নাইট।
চার দেশের বিভিন্ন ভাষাভাষী শিল্পীরা নিজ নিজ দেশের ঐতিহ্য তুলে ধরেন। পরিবেশন করেন সংগীত। নেপাল, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ দেশের জনপ্রিয় গান। এতে বাংলাদেশের কণ্ঠশিল্পী তানিশা খান পরিবেশন করেন বাংলাদেশের ফোক সং।
বাংলাদেশের জনপ্রিয় ‘বকুল ফুল’ আর ‘মধু হই হই’ ফোকসংগীত দুটি পরিবেশন করেন তানিশা।
তানিশা খান কাতার থেকে বলেন, ‘আমি খুবই আনন্দিত উপমহাদেশের চার দেশের ফ্যানদের সঙ্গে এ কালচারাল নাইটে অংশ নিতে পেরে। নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশে তুলে ধরতে পেরে। সেখানে দুটি ফোকগান পরিবেশন করেছি। সবাই খুব উপভোগ করেছেন।’
তানিশা বলেন, ‘গান পরিবেশন শেষে আমাদের দেওয়া হয়েছে একটি করে সার্টিফিকেট। এটা পেয়েও সম্মানিত বোধ করছি। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে এটাই আমার বড় প্রাপ্তি মনে করছি।’
তানিশা বিশ্বকাপ শুরুর আগেই কাতারে পাড়ি জমান। অনেক ম্যাচ তিনি মাঠে বসে উপভোগ করেছেন। তার প্রিয় দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও তিনি ফুটবলকে এনজয় করছেন।