প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম
পরীমনি
চিত্রনায়িকা পরীমনির নাম শুনলেই যেন ভক্ত, দর্শক ও নেটিজেনরা একটু নড়েচড়ে বসেন। কারণ পরী মানেই নতুন কোনো খবর। বহুল চর্চিত এই নায়িকা সবসময় কালারফুল মুডে থাকেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।
ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড। ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য।’ তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।
পরীমনি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনএজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেটা সে-রকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন্ড পার্ট।’
সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।’