প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১২:৫৭ পিএম
সাবিলা নূর
‘তাণ্ডব’-এর সাফল্যে বড় পর্দায় নিজের জায়গা পাকা করতে শুরু করেছিলেন সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে তার সেই উপস্থিতি যেন দর্শকের চোখে নতুন এক সাবিলার জন্ম দেয়। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল- ‘কবে আবার দেখা মিলবে বড় পর্দায়?’ ঠিক সেই সময়ই আলোচনায় আসে নতুন খবর ‘রাক্ষস’ নামে এক ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
ছবির পরিচালক মেহেদী হাসান, যিনি ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু যখন দর্শকেরা অপেক্ষায়, তখনই গল্প ঘুরে যায় অন্য পথে। সাবিলার হাতে চলে আসে আরও একটি বড় প্রজেক্ট তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমার চরিত্র ও চিত্রনাট্য দুটোই তাকে মুগ্ধ করে। আর ছবির অভিনয়শিল্পীর তালিকা- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ- যেকোনো অভিনেত্রীর জন্যই আকর্ষণীয়। তবে জটিলতা তৈরি হয় সময়সূচি নিয়ে।

দুটি সিনেমার শুটিংই শুরু হওয়ার কথা ডিসেম্বরে। একদিকে ‘রাক্ষস’, যেখানে নায়ক হিসেবে চূড়ান্ত সিয়াম আহমেদ, অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’, যার গল্প ও নির্মাণ ভাবনা সাবিলাকে টানছিল গভীরভাবে। শেষমেশ বাস্তবতার কাছে হার মানে ইচ্ছা। সময় মেলানো সম্ভব না হওয়ায় পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলে ‘রাক্ষস’ থেকে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর। সাবিলা নূর বললেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি নিয়ে কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’ নিয়েও কথাবার্তা আগায়। কিন্তু একই সময়ে শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে। আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে ভাবতে বলেছিলেন। দুটি ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবেন, তা-ও জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চাইছি।’ এদিকে ‘রাক্ষস’ ছবির পরিচালক মেহেদি হাসান জানালেন, তারা নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত হওয়া নামটি প্রকাশ্যে আনবেন।