× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেকড় সিনেমায় চঞ্চল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৩:৪৫ পিএম

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

গত আগস্টে জানা গিয়েছিল ব্রাত্য বসুর নতুন টালিউড সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি শুরু হয়েছে সিনেমার শুটিং। গত সোমবার থেকে ‘শেকড়’ নামের এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন চঞ্চল।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ‌্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে, বৃদ্ধার চরিত্রে সীমা বিশ্বাস। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী আর তার স্ত্রীর চরিত্রে পৌলমী বসুকে। ভারতীয় গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন, ‘এখানে বাবা-ছেলের একটা সুন্দর সম্পর্ক দেখা যাবে। আমার বাবার চরিত্রটার সঙ্গে আমার ব্যক্তিজীবনের বহু মিল। কারণ এই চরিত্র ডিমেনশিয়ায় আক্রান্ত। যে সবকিছু মুহূর্তের মধ্যে ভুলে যায়। আমার বাবাও শেষ জীবনে এই রোগে আক্রান্ত ছিলেন। এই সিনেমা করার আরও একটি কারণ হচ্ছে ব্রাত্যদা (ব্রাত্য বসু)। তার সঙ্গে সিনেমা করার একটা আরাম আছে। সেটা আমায় ভীষণভাবে টানে।’ শুটিং হচ্ছে কলকাতার বীরভূমে। শুটিং এলাকা দারুণ পছন্দ হয়েছে চঞ্চলের। তিনি বলেন, ‘গ্রাম আমায় বরাবরই টানে। একটা টান অনুভব করি। বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন সিনেমায় মেঠোপথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরনো ছবি মনে ভেসে উঠছে। এই সিনেমা করতে গিয়ে আমি বারবার পেছনে ফিরে যাচ্ছি।’

শেকড় সিনেমায় আরও অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ‌্যায়, নারায়ণ গোস্বামী প্রমুখ। প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা