× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একঝাঁক তারকার বনলতা এক্সপ্রেস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:১৩ পিএম

বনলতা এক্সপ্রেস হতে যাচ্ছে বহু তারকার সমাবেশ          ছবি: প্রবা কোলাজ

বনলতা এক্সপ্রেস হতে যাচ্ছে বহু তারকার সমাবেশ ছবি: প্রবা কোলাজ

নব্বইয়ের দশকের আবহ, জনপ্রিয় একঝাঁক তারকা অভিনেতা আর যত্নশীল নির্মাণ- সব মিলিয়ে গত পবিত্র ঈদুল আজহায় দর্শকদের দারুণভাবে চমকে দিয়েছিল তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’। সমালোচক ও দর্শক দুই মহলেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘদিন।

কিছুদিন আগে পরিচালক জানিয়েছেন, তার নতুন সিনেমা নির্মিত হবে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস অবলম্বনে। এরপর থেকেই কৌতূহল দানা বাঁধে- কোন উপন্যাস নিয়ে আসছেন তিনি? আর নতুন ছবিতে কারা থাকছেন? এ প্রশ্নে তোলপাড় শুরু হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

বনলতা এক্সপ্রেস

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ৫২ সেকেন্ডের এক মোশন ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় সিনেমার নাম। তানিম নূরের পরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হবে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। প্রকাশিত ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে ছিল অর্থহীনের গান ‘চাইতেই পারো’। ‘উৎসবে’ ছিল আর্টসেলের গান। এ সিনেমাতেও থাকছে নব্বইয়ের শেষে যাত্রা শুরু করা আরেকটি ব্যান্ড।

এবারও নস্টালজিয়া

চিত্রা ঢাকা ইউনিভার্সিটির ফিজিকসের তৃতীয় বর্ষের ছাত্রী; অসুস্থ মামাকে দেখতে ট্রেনে যাবে দিনাজপুর। কিন্তু ট্রেনে বিরক্তিকর কোনো যাত্রীর সঙ্গে যেতেও সে রাজি নয়। তাই সে তার বান্ধবী লিলির প্রভাবশালী এক মামার মাধ্যমে টু সিটার স্লিপারের একটি টিকিট দিতে বলেছিল, যেখানে কেউ তার সঙ্গে যাবে না। কিন্তু ট্রেনে উঠে চিত্রা আবিষ্কার করে যে তার টু সিটার স্লিপারে এক মধ্যবয়সি বুড়ো লুঙ্গি পরে বসে রয়েছে! সে কিছুতেই সেই বুড়োর সঙ্গে এক কামরায় যেতে রাজি ছিল না। তাকে এই বিপদ থেকে উদ্ধারে এগিয়ে আসে ট্রেনের আরেক যাত্রী আশহাব। পেশায় ডাক্তার এই যুবক তার মাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিল।

সে নিজে ওই বুড়ো ভদ্রলোকের সঙ্গে থাকার কথা বলে চিত্রাকে তার মায়ের কামরায় থাকার প্রস্তাব দেয়। চিত্রা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করে আশহাবের মায়ের কামরায় চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় আরেক বিপদ! এভাবেই শুরু হয়েছিল হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’। রেলযাত্রা বাঙালির অনুভূতির একটি অবিচ্ছেদ্য অংশ- জানালার পাশের সিট, দূরন্ত বাঁশির সুর, অচেনা স্টেশন আর পথের গল্পে ভরা নস্টালজিই যেন ট্রেনভ্রমণের আসল আকর্ষণ। সেই নস্টালজিয়াকেই এবার বড়পর্দায় তুলে আনতে যাচ্ছেন নির্মাতা তানিম নূর। তিনি জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর জন্য তৈরি করা হবে বিশেষ ট্রেনসেট, যেখানে শুটিং চলবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে। শুধু তাই নয়, সিনেমার গল্পের প্রয়োজনে কিছু দৃশ্য ধারণ করা হবে বিদেশেও। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকেই ক্যামেরা চালু হবে।

এর আগের সিনেমা ‘উৎসব’-এ চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’-কে ঢাকার মোহাম্মদপুরের প্রেক্ষাপটে নতুনভাবে তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। মূল গল্প থেকে ভিন্ন আঙ্গিকে চরিত্র, পরিবেশ ও আবহ নির্মাণ করে টিম দেখিয়েছিল সৃজনশীলতার দৃষ্টান্ত। এ কারণেই শুরু থেকেই কৌতূহল ‘বনলতা এক্সপ্রেস’ কতটা কাছাকাছি থাকবে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’-এর সঙ্গে? নির্মাতা এ প্রসঙ্গে এখনই মুখ খোলেননি। হাসতে হাসতে শুধু বললেন,‘ওটা এখনই খুলে বললে তো চমকটাই নষ্ট হয়ে যাবে। সময় হলেই সব জানবেন।’

কারা আছেন সিনেমায়

তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম থেকে সাদিয়া আয়মান আর সৌম্য জ্যোতি- ‘উৎসব’ ছিল তারকাবহুল সিনেমা। নির্মাতা জানালেন, ‘বনলতা এক্সপ্রেসও’ হতে যাচ্ছে বহু তারকার সমাবেশ। অভিনয় শিল্পীদের নাম নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তানিম নূর। তিনি ইচ্ছে করেই রহস্যটা ধরে রাখতে চাইছেন। তবে প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে দেখা যাবে- এ নিয়ে আর কোনো সংশয়ের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে দর্শকের পছন্দের এই দুই শক্তিমান অভিনেতা এবার একই ফ্রেমে হাজির হচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’-এ।

শুধু তাই নয়, আলোচনায় আছে আরও দুটি জনপ্রিয় নাম- শরীফুল রাজ ও সাবিলা নূর। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি বলে জানা গেছে। সবকিছু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতেই চান নির্মাতা। তার ভাষায়, ‘দর্শকদের সামনে আমরা তালিকা নয়, চমক নিয়ে হাজির হতে চাই। তাই সব ঠিকঠাক হলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করব।’ ‘বনলতা এক্সপ্রেস’ প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজক হিসেবে আছে ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওজ। আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা